এবারের এসএসসি পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল। ১৩০জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে ৫০জন জিপিএ-৫ সহ ৯৯.২৩% পাস করেছে প্রতিষ্ঠানটি থেকে। এতে করে জেলায় গুরুত্বপূর্ণ অবস্থান ধরে রাখে লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল।
ফলাফল প্রকাশের পর থেকে উচ্ছ্বাসিত হয় শিক্ষার্থীরা। প্রতিষ্ঠান প্রাঙ্গনে আনন্দ উল্লাসে মেতে উঠে তারা। এসময় প্রতিষ্ঠান থেকে তাদের ফুলেল শুভেচ্ছা এবং মিষ্টিমুখ করানো হয়।
শিক্ষার্থীরা বলেন, শিক্ষকদের প্রতি অনেক কৃতজ্ঞ। তারা আমাদের জন্য অনেক পরিশ্রম করেছেন। এছাড়া আমাদের অভিভাবকরাও অনেক ভূমিকা রেখেছেন। ন্যাশনাল আইডিয়াল স্কুলের শিক্ষা ব্যবস্থা এবং নিয়ম-শৃঙ্খলার কারণে আমরা এ অভাবনীয় সাফল্য অর্জন করেছি। ভবিষ্যতে এ প্রতিষ্ঠান আরো ভালো করবে এমনটাই আমাদের প্রত্যাশা।
প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, ২০২৬সালে লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল থেকে ১৩০জন শিক্ষার্থী অংশ নেয়। এরমধ্যে একজন অকৃতকার্য হয়। বাকিদের মধ্যে বিজ্ঞান বিভাগে ৬৮জন, ব্যবসায় শিক্ষা থেকে ৪২জন এবং মানবিক বিভাগ থেকে ১৯ কৃতকার্য হয়। এছাড়া এরমধ্যে ৫০জন জিপিএ-৫ অর্জন করেন।
লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান সবুজ বলেন, লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুলের শিক্ষার্থীদের সারা বছর যত্নসহকারে পাঠদান করানো হয়। শিক্ষার্থী ও অভিভাবকরাও পড়ালেখাকে সবচেয়ে গুরুত্বপূর্ন হিসেবে বিবেচনা করেন। এজন্যই আমাদের এমন সাফল্য। এমন সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।