আমরা বহু ত্যাগ-তিতিক্ষার মাধ্যমে যে ফ্যাসিবাদ বিদায় করেছি, সেই ফ্যাসিবাদকে আর দেখতে চাই না বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। তিনি বলেন, জনগণের দীর্ঘ লড়াইয়ের মাধ্যমে অর্জিত বিজয়কে সংহত করতে ঐক্যের কোনো বিকল্প নেই। এর জন্য জুলাই সনদের বাস্তবায়ন করতেই হবে।
বুধবার (৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বরে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ১১ দলীয় ঐক্যের আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশে এ কথা বলেন আমির হামজা।
তিনি বলেন, জনগণের দীর্ঘ লড়াই ও ত্যাগের মাধ্যমে অর্জিত এই বিজয়কে সংহত করতে ঐক্যের কোনো বিকল্প নেই। বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ১১ দলীয় ঐক্য রাজপথে থেকে জনগণের অধিকার আদায়ে কাজ করে যাবে।
বাংলাদেশ খেলাফত মজলিসের কুষ্টিয়া জেলা সভাপতি আব্দুল লতিফ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আফজাল হোসেন, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এনামুল হক, সাবেক সেক্রেটারি অধ্যাপক সুজা উদ্দীন জোয়ার্দার, এনসিপির জেলা প্রধান সমন্বয়ক জান্নাতুল ফেরদৌস টনি, এবি পার্টির নেতা বেলাল মাহমুদ এবং আহত জুলাই যোদ্ধাদের নেতা উল্লাস হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দরা।
সংক্ষিপ্ত সমাবেশ শেষে পৌরসভা চত্বর থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি বড় বাজার রেলগেট এলাকায় গিয়ে শেষ হয়।