১৮ বছরের এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় চৌগাছা সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত হোসেন রাব্বিকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। রাব্বি চৌগাছার ১নং ফুলসারা ইউনিয়নের বলিদাপাড়া গ্রামের মো. সেলিম রেজার ছেলে। ধর্ষণের শিকার ছাত্রীর একই এলাকার এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী।
শনিবার (১ আগস্ট) রাত ৯টার দিকে ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে রাব্বিকে আটক করে পুলিশ। তার বিরুদ্ধে ধর্ষণ মামলা রেকর্ড হয়েছে।
মামলার এজহার সূত্রে জানা গেছে, এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মেয়েটি জাতীয় পরিচয়পত্র করার জন্য প্রতিবেশী মামাতো ভাই চৌগাছা সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত হোসেন রাব্বির সঙ্গে যোগাযোগ করেন। শনিবার সরকারি ছুটি, উপজেলা নির্বাচন অফিস বন্ধ থাকার পরও রাব্বি সকাল ৯টার দিকে তাকে চৌগাছা শহরে নিয়ে আসে। পরে রাব্বি মেয়েটিকে ভুলভাল বুঝিয়ে তার পূর্ব পরিচিত চৌগাছা পৌরসভার ৪নং ওয়ার্ডের রিবিলিপাড়ার বাসিন্দা জনৈকা জাহান্নারা বেগমের বাড়িতে নিয়ে যায়। সেখানে তাকে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। এতে সে অসুস্থ হয়ে পড়ে। পরে একটু সুস্থ বোধ করলে মেয়েটি সেখান থেকে নিজের বাড়িতে চলে যায় এবং পুরো ঘটনাটি তার বাবা-মাকে জানায়।
এরপর সন্ধ্যায় ভুক্তভোগী তার মাকে সঙ্গে নিয়ে চৌগাছা থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে চৌগাছা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সাত্তারের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে আরাফাত হোসেন রাব্বিকে গ্রেপ্তার করে।
চৌগাছা থানার ওসি মামুনুর রশীদ পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ভুক্তভোগী মেয়েটির পরিবার লিখিত এজহার দিয়েছেন। ধর্ষক আরাফত হোসেন রাব্বিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে রবিবার (২ আগস্ট) যশোর আদালতে পাঠানো হবে। এছাড়া মামলার অন্যান্য আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।