নারায়ণগঞ্জের সোনারগাঁও এ সিয়ন্ত্রণ হারিয়ে মালবাহী ট্রাক যাত্রীবাহী একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে এক পথচারী নিহত হয়েছেন। ঘটনায় আরও চার আহত হন। নিহত ব্যক্তির নাম মাহে আলম (৪০)। তিনি সোনারগাঁও উপজেলার সোনাখালী এলাকার বাবরকপুর গ্রামে থাকতেন এবং পেশায় রাজমিস্ত্রী ছিলেন। তার পৈতৃক বাড়ি বরিশালের ভোলা জেলায় বলে নিশ্চিত করেছেন স্বজনরা।
মঙ্গলবার (২৮ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে মহাসড়কের ঢাকা ইনকামিং লেনের সোনাখালী এলাকায় দুর্ঘটনাটি ঘটে। আহতরা হলেন- বাবরকপুর এলাকার নুর ইসলামের ছেলে মো. শহিদ, সোনাখালী এলাকার ইংগু মিয়ার ছেলে মো. আলিনুর, সোনাগাজী এলাকার মৃত রশিদ আলীর ছেলে মো. টিকা খান এবং সোনাখালী এলাকার মুন্সুর আলীর ছেলে মো. সুরুজ মিয়া। আহতদের স্থানীয় বারাকা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ মঙ্গলবার সকালে ঢাকামুখী একটি মালবাহী ট্রাক সোনাখালী এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় ট্রাকটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি অটোরিক্সাকে সজোরে ধাক্কা দেয়। এ সময় পথচারী মাহে আলমকেও ধাক্কা দেয় ট্রাকটি। ঘটনাস্থলেই তিনি মারা যান। অটোরিকশায় থাকা চারজন গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন অটোরিকশার যাত্রীদের উদ্ধার করে স্থানীয় বারাকা হাসপাতালে নিয়ে যান।
হাইওয়ে পুলিশের সার্জেন্ট আওলাদ হোসেন বলেন, “ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশা জব্দ করা হয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”