নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রাজু আহমেদ নামে এক যুবককে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের পরিবারের দাবি, রাজনৈতিক বিরোধের কারণে তাকে হত্যা করা হতে পারে।
রবিবার (২৬ জুলাই) রাত ১১টার দিকে উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের চরহোগলা এলাকায় হত্যাকাণ্ডটি ঘটে। নিহত রাজু একই এলাকায় আয়নাল হকের ছেলে।
নিহতের মা ও ছোট বোনের অভিযোগ, রাজু আগে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। প্রায় তিন মাস আগে তিনি রাজনীতি ছেড়ে দেন। এনিয়ে স্থানীয় বিএনপি নেতা শাহাদাত প্রধানের সঙ্গে তার বিরোধ হয়। তাদের ভাষ্য, ওই বিরোধের জেরেই রাজুকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
স্থানীয়রা জানান, রবিবার রাতে রাজুর ফুফাতো ভাইয়ের সঙ্গে নুরুল ও জাকিরের তর্কতর্কি ও এক পযার্য়ের মারামারি হয়। এসময় রাজু তাদের ঝগড়া থামিয়ে দেন। পরে নুরুল ও জাকিরের নেতৃত্বে ১৫/২০ জন দেশীয় অস্ত্র নিয়ে ফুফাতো ভাইকে না পেয়ে রাজুর বাড়িতে হামলা করে। তারা রাজুকে পিটিয়ে ও ছুরিকাঘাতে আহত করে। তাকে বাঁচাতে যাওয়া পরিবারের সদস্যদের পিটিয়ে আহত করা হয়। পরে আশেপাশে লোকজন আহতদের উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক রাজুকে মৃত ঘোষণা করেন।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, এটি রাজনৈতিক বিরোধ না পারিবারিক কোন দ্বন্দ্বে হত্যা তা তদন্তের পর বিস্তারিত বলা যাবে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।