• বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন

দুর্যোগে সহায়তায় চবির শিক্ষার্থীদের তহবিল গঠন

চবি প্রতিনিধি / ১৯ Time View
Update : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

দেশের যেকোনো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের উদ্যোগে কেন্দ্রীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও পুনর্বাসন তহবিল গঠন করা হয়েছে। বিভিন্ন জেলা-উপজেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন ও শিক্ষার্থী সংগঠনের সমন্বয়ে গড়ে ওঠা এ প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয়েছে সংবাদ সম্মেলনের মাধ্যমে।

মঙ্গলবার (১৪ জুলাই) বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্ল্যাটফর্মটির আত্মপ্রকাশ করা হয়।

সংবাদ সম্মেলনে চাকসুর সমাজসেবা ও পরিবেশ সম্পাদক তাহসিনা রহমান বলেন, চবির ৩৯টিরও বেশি জেলা ও উপজেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন এবং বিভিন্ন ক্লাবের সম্মিলিত উদ্যোগে এ তহবিল প্ল্যাটফর্ম গঠন করা হয়েছে। সামনে আরো অ্যাসোসিয়েশন এতে যুক্ত হবে। প্রতিটি অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক কেন্দ্রটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত থাকবেন।

তিনি আরো বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দুর্যোগ ব্যবস্থাপনা ও পুনর্বাসন তহবিলের মাধ্যমে সব সংগঠন একটি অভিন্ন প্ল্যাটফর্মে কাজ করবে। ফলে বৃহত্তর তহবিল গঠন, দ্রুত ও সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ, সুশৃঙ্খল ত্রাণ বিতরণ এবং দীর্ঘমেয়াদি পুনর্বাসন কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হবে।

চবির জামালপুর স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রতিনিধি এবং পালি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাব্বির হাসান সাকিন বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রয়োজনীয় অনুমোদন সাপেক্ষে তহবিলটির আনুষ্ঠানিক কার্যক্রম শিগগিরই শুরু হবে। আমাদের বিশ্বাস, সবার সম্মিলিত প্রচেষ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেশের যেকোনো দুর্যোগে মানবিক সহায়তা ও পুনর্বাসন কার্যক্রমে আরো শক্তিশালী, সমন্বিত ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে সক্ষম হবে।

তিনি আরো বলেন, চবির বিভিন্ন জেলা ও উপজেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন এবং সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এতদিন পৃথকভাবে ত্রাণ তহবিল গঠন ও কার্যক্রম পরিচালনা করলেও অনেক সময় বড় পরিসরে তহবিল গঠন এবং বাস্তবায়নে সীমাবদ্ধতা তৈরি হতো। এখন এ প্ল্যাটফর্মের মাধ্যমে সেই সীমাবদ্ধতা দূর হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সংশ্লিষ্টতা নিয়ে জানতে চাইলে প্রক্টর অধ্যাপক হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, কয়েকজন শিক্ষার্থী ত্রাণ তহবিল গঠনের উদ্যোগ সম্পর্কে প্রশাসনকে অবহিত করে অনুমতি চেয়ে একটি আবেদনপত্র জমা দিয়েছেন। বিষয়টি নিয়ে দ্রুতই উপাচার্যের সঙ্গে আলোচনা করে প্রশাসনের পক্ষ থেকে সিদ্ধান্ত জানানো হবে।

সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের ২১টি জেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category