অতিবৃষ্টি ও বন্যায় সৃষ্ট পরিস্থিতিতে পরীক্ষা বাতিলের দাবি তোলা এইচএসসি পরীক্ষার্থীদের নিয়ে দেওয়া বক্তব্যের পর সমালোচনার মুখে সংসদে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
তিনি বলেন, আমার ব্যক্তিগত মন্তব্য নিয়ে অনেকে আপত্তি করেছেন। সে ব্যাপারে বলতে চাই, আমি কাউকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছু বলতে চাইনি। যদি কেউ আহত হয়ে থাকে আমি সিম্পলি দুঃখ প্রকাশ করছি।
১৪ জুলাই (মঙ্গলবার) জাতীয় সংসদ অধিবেশনে অনির্ধারিত আলোচনায় শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে এদিন প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
এসময় মন্ত্রী সংসদে বলেন, পরীক্ষা পেছানোর দাবিতে শিক্ষার্থীরা সংসদ ভবনের দিকে আসছে। গতকাল (সোমবার) পদার্থ বিজ্ঞান দ্বিতীয়পত্র পরীক্ষা হয়েছে। এছাড়া হিসাব বিজ্ঞান ও যুক্তিবিদ্যা পরীক্ষা হয়েছে। পরীক্ষার সময় বৃষ্টি ছিল। অনেকে ভিজেছে, অনেকে সঠিকভাবে পরীক্ষা দিতে পারেনি। আমরা যদিও সবসময় মনিটরিংয়ে ছিলাম। শিক্ষার্থীদের দাবি এসেছে পরীক্ষা পেছানোর জন্য। এরই মধ্যেই চট্টগ্রামের পরীক্ষা বন্ধ করে দিয়েছি। আমাদের পুনরায় পরীক্ষা নিতেই হবে।