• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন

জাবিতে র‍্যাগিংয়ের অভিযোগে ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

জাবি প্রতিনিধি / ৫৭ Time View
Update : রবিবার, ৫ জুলাই, ২০২৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইতিহাস বিভাগের ৫৪তম ব্যাচের ১২ শিক্ষার্থীকে জুনিয়র শিক্ষার্থীদের র‍্যাগিং, গালাগালি, কটূক্তি ও মানসিকভাবে হেনস্তার অভিযোগে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) স্বাক্ষরিত ৪ঠা জুলাই, ২০২৬ তারিখের অফিস আদেশে জানানো হয়, গত ৩রা জুলাই, ২০২৬ দিবাগত রাত ১১টা থেকে রাত ২টা পর্যন্ত ইতিহাস বিভাগের ৫৪তম ব্যাচের (শিক্ষাবর্ষ ২০২৪–২৫) কয়েকজন শিক্ষার্থী একই বিভাগের ৫৫তম ব্যাচের (শিক্ষাবর্ষ ২০২৫–২৬) নবীন শিক্ষার্থীদের বিভিন্নভাবে অশ্রাব্য ভাষায় গালাগালি, কটূক্তি এবং মানসিকভাবে হেনস্তা করে র‍্যাগিং করেছিল।

অফিস আদেশে উল্লেখ করা হয়, এ ধরনের কর্মকাণ্ড জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্র-ছাত্রীদের শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ-২০১৮-এর ৫(২) ধারার পরিপন্থি। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় হল, বিভাগ কিংবা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরের কোনো স্থানে উত্ত্যক্ত বা র‍্যাগিং-নির্যাতনমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করা যাবে না— এ সংক্রান্ত বিধান লঙ্ঘনের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় অভিযুক্তদের সাময়িক বহিষ্কার করা হয়েছে।

সাময়িক বহিষ্কৃত ১২ শিক্ষার্থী হলেন– নাছিম উদ্দিন মজুমদার, মো. মাহফুজুর রহমান অন্ত, আব্দুল্লাহ মাহদী, শুভাশীষ রায় প্রান্ত, মো. আবু আবতাহী অনিক, মো. রায়হান খান, মো. নাঈমুল হাসান, মো. ইসফাক হাদী, নাঈম আহমেদ সজীব, কার্তিক চন্দ্র রায়, কাজী শাহ জামশেদ আলম নাবিল ও সাইফুল্লাহ মানসুর আনান। তারা প্রত্যেকেই জাবির ইতিহাস বিভাগের ৫৪ ব্যাচের শিক্ষার্থী।

অফিস আদেশ অনুযায়ী, উল্লিখিত প্রত্যেক শিক্ষার্থীকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ-২০১৮-এর ৪(১)(খ) ধারা অনুযায়ী সাময়িকভাবে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category