স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আমরা একজনকেও পুশ-ইন হতে দেইনি। আমাদের বিজিবি সীমান্তে সতর্ক অবস্থায় আছে।
২৬ জুন (শুক্রবার) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্ন জবাবে তিনি এ কথা বলেন।
পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেছেন, ১০ হাজারের বেশি মানুষকে ইতোমধ্যে তারা পুশ-ব্যাক করেছে।
এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের পাল্টা প্রশ্ন করেন, এ ব্যাপারে আপনাদের কাছে কি পরিসংখ্যান আছে? কতজন পুশ-ইন হয়েছে? তিনি বলেন, আমাদের কাছেও এই যে সংখ্যা উল্লেখ করছেন, সেরকম কোনো সংখ্যা নাই। আমরা একজনকেও পুশ-ইন হতে দেইনি। আমাদের বিজিবি সতর্ক অবস্থায় আছে।
সম্প্রতি দেশের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক অব্যাহত পুশ-ইনের বিষয়ে করা আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা পুশ-ইন ঠেকানোর জন্য সতর্ক আছি, আমাদের বিজিবি খুব প্রশংসনীয় কাজ করছে। প্রতিটি বর্ডারে যেখানে যেখানে পুশ-ইনের চেষ্টা হচ্ছে সেখানে তারা বাধা দিচ্ছে।
একই সঙ্গে সেখানে কোনো বাংলাদেশি নাগরিক থাকলে সেই তালিকা দিতে কূটনৈতিকভাবে ভারতকে বলা হয়েছে বলেও জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমরা তাদের ন্যাশনালিটি ভেরিফাই করবো, ন্যাশনালিটি ভেরিফাই করার পর ডিপ্লোমেটিক চ্যানেলে যথাযথ প্রক্রিয়ায় আইনিভাবে আমরা তাদের ফেরত নিতে পারি। সেরকম কিছু ভারতীয় নাগরিক আমাদের এখানে পুশ-ইন হয়ে এসছে। আদালতের মাধ্যমে তাদের যথাযথ জিম্মায় দেওয়া হয়েছে।
তিনি বলেন, এ বর্ডার ইস্যুটা দুদেশের মধ্যে সবসময় একই রকম অবস্থায় থাকে তেমন নয়। যেহেতু পশ্চিমবঙ্গে একটা নির্বাচন হয়েছে, নির্বাচন পরবর্তী ওখানে স্টেট গভর্নমেন্ট আসীন হয়েছে। তাদের হয়তো কিছু নির্বাচনি এজেন্ডা ছিল। সে হিসেবে হয়তো তারা এটা প্রদর্শন করতে পারে যে, বিদেশি নাগরিক থাকলে ফেরত পাঠাবে।