ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। এ নিয়ে গত ১৭ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন মোট ৫৪ জন শিশুর মৃত্যু হলো।
২৬ জুন (শুক্রবার) হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাঈনউদ্দিন খান এই তথ্য নিশ্চিত করেছেন।
হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, মারা যাওয়া শিশুটির বয়স ৩ মাস ৫ দিন। হামের উপসর্গ নিয়ে গত ১৯ জুন তাকে হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে তার মৃত্যু হয়।
হাসপাতাল সূত্রে আরও জানা যায়, বর্তমানে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ৯১ জন শিশু চিকিৎসাধীন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।