অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় রানে বড় সংগ্রহ দাড় করাতে পারেনি টাইগাররা। ফিলডিংএ বোলাররা কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি তাওহিদ হৃদয়রা। শেষ পর্যন্ত প্রথম টি-টোয়েন্টিতে রান তাড়ায় নিয়ন্ত্রণ ধরে রেখে ৪ উইকেটের জয় তুলে নিয়েছে অজিরা।
দিনের শুরুতে চট্টগ্রামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নতুন টি-টোয়েন্টি অধিনায়ক তাওহীদ হৃদয়। কিন্তু রানের ঝড় থেকে বেশি উইকেট পতনের মিছিলে ইনিংসটা বড় করতে পারেনি টাইগাররা। শেখ মেহেদীর অপরাজিত ২৯ রানে ১৯ ওভারে সব উইকেট হারিয়ে ১৩১ করে বাংলাদেশ। জবাবে ১০ বল ও ৪ উইকেট হাতে নিয়ে জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া।
ব্যাট হাতে অস্ট্রেলিয়ার শুরুটা অবশ্য আশাব্যঞ্জক ছিল না। মাত্র ১৩ রানের মাথায় জশ ইংলিসকে হারায় সফরকারীরা। ওয়ানডে অধিনায়কে বোল্ড করেন পেসার শরিফুল। তবে উইকেট হারালেও রানের গতি বাড়াতে থাকে অজি ব্যাটাররা। পঞ্চম ওভারে মোস্তাফিজের বলে মিচেল মার্শ আউট হলেও পাওয়ার প্লেতে ৪৭ রান তুলে জয়ের ভিত গড়েন সফরকারীরা।
এদিকে ওয়ানডে সিরিজের ফর্মটা যেন টি-টোয়েন্টিতেও টেনে এনেছেন কুপার কনোলি। সবশেষ ওয়ানডেতে সেঞ্চুরি হাঁকানো এই ব্যাটার প্রথম টি-টোয়েন্টিতে করেছেন ২৭ বলে ৪৭ রান। ফিফটি না পেলেও দলের জয়ে ছিল তার বড় অবদান। তবে বাঁহাতি এই ব্যাটারকে আউট করে আন্তর্জাতিক উইকেটের যাত্রা শুরু করেন আবদুল গাফফার সাকলাইন।
এক ওভারের ব্যবধানে বাংলাদেশের লড়াই আরও তীব্র হয়ে ওঠে। টিম ডেভিডকে ফাঁদে ফেলে লং অনে ক্যাচ বানান শেখ মেহেদী। এরপর অভিষিক্ত নিখিল চৌধুরীকে রিশাদ এবং মন্থর গতির ব্যাটিং করা রেনশোকে ফেরান সাকলাইন। তবে এসব উইকেট কেবল ব্যবধানই কমিয়েছে। শেষ পর্যন্ত ১০ বল ও ৪ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নেন সাকলাইন। একটি করে উইকেট শিকার করেন শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, শেখ মেহেদী এবং রিশাদ হোসেন।
এর আগে দেশের ১৩তম টি-টোয়েন্টি অধিনায়ক তাওহীদ হৃদয়ের নেতৃত্বে মাঠে নামে বাংলাদেশ। যদিও চট্টগ্রামে শুরুতে ব্যাট করতে নেমে প্রত্যাশার প্রতিফলন ঘটাতে পারেননি টাইগাররা। শুরুতে দুই ওপেনার তানজিদ তামিম ও সাইফ হাসান রানের দেখা পেলেও সেটা বড় হয়নি। বরং আচমকা ব্যাটিং ব্যর্থতায় ডুবেছে বাংলাদেশ।
অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে সবচেয়ে বেশি ভুগিয়েছেন অভিজ্ঞ লেগ স্পিনার অ্যাডাম জাম্পা। তিন উইকেট শিকারের পাশাপাশি টি-টোয়েন্টি ক্যারিয়ারে ১৫০ উইকেটের মাইলফলকও স্পর্শ করেন তিনি। সমান তিনটি উইকেট নেন জুয়েল ডেভিস। এছাড়া রেনশো দুই, আর নিখিল ও জনসন শিকার করেন একটি করে উইকেট।