প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের টাকা আর পাচার হতে দেবো না আমরা। জনগণের টাকা দিয়ে জনগণের জন্য কাজ করা হবে। জনগণের অর্থ দিয়ে দেশের জন্য কাজ করা হবে।
১৭ জুন (বুধবার) মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, আমরা যদি সবাই চোখ-কান খোলা রাখি, তাহলে এই দেশের মানুষের অর্থ-সম্পদ কেউ বিদেশে পাচার করতে পারবে না । সেই টাকা দিয়ে আমরা সবাই মিলে পরিশ্রম করব এবং সেই অর্থ দিয়ে আমরা দেশ এবং দেশের মানুষের ভাগ্যকে পরিবর্তন করব। নির্বাচনী প্রচারণার সময় হবিগঞ্জের জনসভা থেকে চা বাগানের নারী শ্রমিকদের ফ্যামিলি কার্ড দেওয়ার ঘোষণা দিয়েছিলাম। সেই প্রতিশ্রুতি রক্ষার অংশ হিসেবে এই কার্ড বিতরণ অনুষ্ঠান। আজকে সবাইকে দিতে পারিনি, কিন্তু ইনশাআল্লাহ আগামী এক বছরের মধ্যে আমরা সব নারী শ্রমিকসহ চা বাগানের সবার কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেবো।
তারেক রহমান আরও বলেন, যারা জনগণকে বিভ্রান্ত করতে চায়,সেটি সংসদের ভেতরে হোক বা বাইরে, তাদের ব্যাপারে আপনাদেরকে সচেতন থাকতে হবে। এই সব লোকেরা, সব দলগুলো দেশে যদি অশান্তি করার সুযোগ পায়, তাহলে আমরা ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করতে পারব না। তিনি বলেন, জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে, তাহলে কোনো ষড়যন্ত্র সফল হতে পারবে না। জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে, বাংলাদেশের গণতন্ত্রকে কেউ নষ্ট করতে পারবে না।