• বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন

আবাসিক সিট নীতিমালা সংস্কারে ঢাবিতে শিবিরের উদ্বেগ

শিক্ষা ডেস্ক / ২৩ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক সিট বণ্টন নীতিমালা সংস্কারের উদ্যোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। শাহবাগ থানায় হামলার ঘটনায় জড়িতদের দ্রুত বিচার এবং শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে কার্যকর পদক্ষেপের দাবিও জানায় তারা ।

১৫ জুন (সোমবার) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় এসব বিষয় তুলে ধরেন ছাত্রশিবির।

মতবিনিময়কালে শিবির নেতারা বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকটকে দীর্ঘদিনের বাস্তব সমস্যা হিসেবে উল্লেখ করে স্বচ্ছ, শিক্ষার্থীবান্ধব ও দীর্ঘমেয়াদি সিট বণ্টন নীতিমালা প্রণয়নের দাবি জানান।
তারা প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির খসড়া সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, “অনার্সে দুই বছর এবং মাস্টার্সে এক বছর রি-অ্যাডমিশনসহ হলে আবাসিক সুবিধা চালু করা হলে দীর্ঘমেয়াদে হলে ব্যাচের সংখ্যা বৃদ্ধি পাবে। এতে নবীন শিক্ষার্থীদের সিটপ্রাপ্তি আরো সীমিত হবে এবং আবাসন সংকট তীব্র আকার ধারণ করবে।
তারা আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে অনেক শিক্ষার্থী হলে সিট পাচ্ছেন না। তাই নবীন শিক্ষার্থীদের অগ্রাধিকার নিশ্চিত করা জরুরি। তারা সতর্ক করে বলেন, কার্যকর নীতিমালা গ্রহণ না করা হলে প্রশাসনিক শৃঙ্খলা ও আবাসন ব্যবস্থাপনার ওপর চাপ আরো বাড়বে।
এছাড়া, শাহবাগ থানায় হামলার ঘটনায় জড়িতদের বিষয়ে তদন্তের ধীরগতির সমালোচনা করে তারা দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান। একইসঙ্গে সম্প্রতি জগন্নাথ হলে বিশেষ চাহিদাসম্পন্ন এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।সাক্ষাৎ শেষে ছাত্রশিবিরের পক্ষ থেকে উপাচার্যের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়। এতে পূর্বের সিট বণ্টন নীতিমালা বহাল রাখা, রি-অ্যাডমিশনের ভিত্তিতে হলে অবস্থান সীমিত করা, নবীন শিক্ষার্থীদের অগ্রাধিকার নিশ্চিত করা, নীতিমালা সংশোধনে স্বচ্ছতা বজায় রাখা এবং অনলাইন জরিপের মাধ্যমে শিক্ষার্থীদের মতামত গ্রহণের দাবি জানানো হয়।
উপাচার্য  বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ও শিক্ষার্থীদের স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক আবদুস সালাম, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এবং প্রক্টর সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল প্রাং।আরও উপস্থিত ছিলেন  বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ডাকসু) এজিএস মুহা. মহিউদ্দিন খান এবং সাংগঠনিক সম্পাদক মু. সাজ্জাদ হোসাইন খানের নেতৃত্বে সংগঠনের দায়িত্বশীল নেতারা ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category