• বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

চাঁদাবাজির অভিযোগে বিএনপির ২ নেতার পদ স্থগিত

বরিশাল প্রতিনিধি / ২২ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নে বালু ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই নেতার সব সাংগঠনিক পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) সকালে চাঁদপাশা ইউনিয়ন বিএনপির দলীয় প্যাডে প্রকাশিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।

চাঁদপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন স্বপন ও সাধারণ সম্পাদক মো. শাহিন হোসেন নোটিশে স্বাক্ষর করেন।

নোটিশে বলা হয়, চাঁদপাশা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান জাকির মোল্লা এবং ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে তাদের দলের সব সাংগঠনিক পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

এতে আরো বলা হয়, বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক যোগাযোগ থেকে বিরত থাকতে হবে। একই সঙ্গে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তারা দলের কোনো সাংগঠনিক কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন না।

চাঁদাবাজির অভিযোগে বিএনপির দুই নেতার পদ স্থগিতের বিষয়টি স্বীকার করেছেন ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলমগীর হোসেন স্বপন। তিনি জানান, উপজেলা বিএনপির সিদ্ধান্তক্রমে তাদের দলীয় পদ স্থগিত রাখা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা দলের কোনো কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন না।

সোমবার (১৫ জুন) রাতে উপজেলার চাঁদপাশা ইউনিয়নের রেইনট্রিতলা এলাকায় এক বালু ব্যবসায়ীর কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগে স্থানীয় জনতার হাতে গণপিটুনির শিকার হন জাকির মোল্লা ও আব্দুর রাজ্জাক। পরে স্থানীয়ভাবে মুচলেকা নেওয়ার পর তাদের ছেড়ে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category