থাইল্যান্ড থেকে বিপুল পরিমাণ মাদক ভারতে পাচারের অভিযোগে মুম্বাই বিমানবন্দরে আটক হয়েছেন মডেল হার্ষা সানি। তার ট্রলি ব্যাগ থেকে প্রায় ১১ কেজি হাইড্রোপনিক গাঁজা উদ্ধার করা হয়েছে, যার আন্তর্জাতিক বাজারমূল্য প্রায় ১২ কোটি টাকা বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
শুল্ক বিভাগের এয়ার ইন্টেলিজেন্স ইউনিটের (এআইইউ) তথ্য অনুযায়ী, গত ১০ জুন গভীর রাতে ব্যাংকক থেকে এয়ার ইন্ডিয়ার টিজি-৩৫১ ফ্লাইটে মুম্বাইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান হার্ষা সানি। গ্রিন চ্যানেল অতিক্রমের সময় তার আচরণ সন্দেহজনক মনে হলে দায়িত্বরত কর্মকর্তারা তাকে তল্লাশি করেন।
তল্লাশির একপর্যায়ে তার ট্রলি ব্যাগ থেকে ১২টি ভ্যাকুয়াম-সিল করা প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটগুলো খুলে শুকনো ফুল ও ফলের মতো দেখতে সবুজাভ রঙের এক ধরনের উপাদান পাওয়া যায়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের (এনডিপিএস) বিশেষ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যায়, সেগুলো উচ্চমূল্যের হাইড্রোপনিক গাঁজা। জব্দ করা মাদকের আনুমানিক মূল্য ১১ কোটি ৮২ লাখ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ কোটি টাকার সমান।
জিজ্ঞাসাবাদের সময় হার্ষা সানি মাদক পাচারের অভিযোগ অস্বীকার করেন। তিনি কাস্টমস কর্মকর্তাদের দাবি করেন, ব্যাগটির বিষয়ে তিনি কিছুই জানতেন না। তার ভাষ্য, বিমানযাত্রার সময় এক অচেনা ব্যক্তি তাকে ব্যাগটি কিছুক্ষণ ধরে রাখতে বলেন। ব্যাগটি নেওয়ার পর ওই ব্যক্তি ভিড়ের মধ্যে হারিয়ে যান এবং তিনি অজান্তেই বিপদে পড়েন। তবে শুল্ক বিভাগের কর্মকর্তারা তার এ বক্তব্যকে বিশ্বাসযোগ্য মনে করেননি এবং এটিকে সাজানো গল্প বলে প্রত্যাখ্যান করেছেন।
পরে হার্ষা সানিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতার দেখিয়ে মুম্বাইয়ের একটি আদালতে হাজির করা হয়। আদালত তার জামিন আবেদন নাকচ করে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, হার্ষা সানি ২০১৫ সালের ‘মিসেস কেরালা’ সৌন্দর্য প্রতিযোগিতার একজন সাবেক প্রতিযোগী ছিলেন।