সরকার ঘোষিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে তিনটি বড় চ্যালেঞ্জ রয়েছে বলে মনে করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির মতে, গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানির বাড়তে থাকা ব্যয়, নিয়ন্ত্রণহীন মূল্যস্ফীতি এবং বৈশ্বিক ও ভূরাজনৈতিক অর্থনৈতিক অনিশ্চয়তা বাজেট বাস্তবায়নের পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।
শুক্রবার দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট নিয়ে দলের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া তুলে ধরতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব উপস্থাপন করেন।
সংবাদ সম্মেলনে মিয়া গোলাম পরওয়ার বলেন, বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে কয়েকটি বড় প্রতিবন্ধকতা রয়েছে। এর মধ্যে প্রথমটি হলো বিদ্যুৎ ও জ্বালানি খাতে ক্রমাগত ব্যয় বৃদ্ধি। তিনি দাবি করেন, সরকার দায়িত্ব গ্রহণের পর গত তিন মাসে কয়েক দফায় গ্যাস ও জ্বালানির দাম বাড়ানো হয়েছে। একই সময়ে বিদ্যুতের মূল্যও বৃদ্ধি পেয়েছে।
তিনি আরও বলেন, দ্বিতীয় বড় চ্যালেঞ্জ হচ্ছে লাগামহীন উচ্চ মূল্যস্ফীতি, যা সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়িয়ে দিচ্ছে এবং অর্থনীতির ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে।
জামায়াতের সেক্রেটারি জেনারেল উল্লেখ করেন, তৃতীয় গুরুত্বপূর্ণ বাধা হলো বৈশ্বিক ও ভূরাজনৈতিক অর্থনৈতিক অনিশ্চয়তা, যার প্রভাব দেশের অর্থনীতিতেও পড়তে পারে।
মিয়া গোলাম পরওয়ারের ভাষ্য, এই তিনটি বড় প্রতিবন্ধকতার কারণে বাজেট বাস্তবায়ন এবং নির্ধারিত রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অর্জন সরকারের জন্য অত্যন্ত কঠিন হয়ে উঠতে পারে।
সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম ও হামিদুর রহমান আযাদ, ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি রেজাউল করিম এবং মহানগর উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকারসহ দলটির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।