আগামী অর্থবছরে প্রবাসী কর্মীদের জন্য বিশেষ ‘প্রবাসী কার্ড’ চালুর ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
আজ ১১জুন (বৃহস্পতিবার) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণাকালে এ তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, অভ্যন্তরীণ ও বৈদেশিক শ্রমবাজারের প্রকৃত চাহিদার ওপর ভিত্তি করে পেশাভিত্তিক দক্ষতা বৃদ্ধির পরিকল্পনা নিয়েছে সরকার। বিদেশে যেসব খাতে কাজের ব্যাপক চাহিদা রয়েছে, সেগুলোর জন্য বিশেষ কোর্স ও পাঠ্যক্রম চালুর কাজ শুরু হয়েছে।একই সঙ্গে বাজারভিত্তিক প্রশিক্ষণ, পাঠ্যক্রম উন্নয়ন ও সনদের মান নিয়ন্ত্রণ কার্যক্রম বাড়ানো হচ্ছে বলে জানান।
অর্থমন্ত্রী জানান, প্রবাসীকল্যাণ সেবা, বিমা, ব্যাংকিং সুবিধা ও জরুরি সহায়তার সঙ্গে কার্ডটি সংযুক্ত করা হবে। ফলে প্রবাসীরা এক কার্ডের মাধ্যমেই সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধা ও আইনি সুরক্ষা ভোগ করতে পারবেন। তিনি আরও জানান, বৈধ চ্যানেলে প্রবাসী আয়ের প্রবাহ ধরে রাখতে প্রণোদনা অব্যাহত রাখা ও নতুন বিকল্প শ্রমবাজার সন্ধান ও দক্ষ জনশক্তি তৈরিতে কিছু পরিকল্পনার কথা জানান তিনি।
বৈধ চ্যানেলে প্রবাসী আয় পাঠানো উৎসাহিত করতে বিদ্যমান আড়াই শতাংশ নগদ প্রণোদনা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। তিনি আরও বলেন, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পরের মাসেই অর্থাৎ গত মার্চ মাসে প্রবাসী আয় প্রবাহ ৩৭৫ কোটি ডলারে পৌঁছায়, দেশের ইতিহাসে একক মাস হিসেবে যা সর্বোচ্চ। প্রবাসী আয়ের এই প্রবাহ ধরে রাখতে প্রণোদনা অব্যাহত রাখা হবে।