• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

উন্নত হচ্ছে রেল যোগাযোগ, বাজেটে বাড়ল বরাদ্দ

নিজস্ব প্রতিবেদক / ১৭ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

দেশের রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক ও কার্যকর করতে একাধিক উন্নয়ন উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে ঢাকা-কুমিল্লা কর্ডলাইন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে, যা বাস্তবায়িত হলে ঢাকা-চট্টগ্রাম রেলপথের দূরত্ব উল্লেখযোগ্যভাবে কমে আসবে। পাশাপাশি ঢাকা-চট্টগ্রাম রেলওয়ে করিডোর গড়ে তোলা এবং চট্টগ্রামকে একটি লজিস্টিক হাবে পরিণত করার উদ্যোগও নেওয়া হয়েছে। এছাড়া দেশের সব জেলাকে রেল নেটওয়ার্কের আওতায় আনা এবং বন্দরগুলোর সঙ্গে রেল সংযোগ সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে।

 

এসব উদ্যোগ বাস্তবায়নে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে রেল খাতে বরাদ্দ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। নতুন বাজেটে এ খাতে ৪ হাজার ৫০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে। এর আগে ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে রেল খাতে বরাদ্দ ছিল ৪ হাজার ২২৮ কোটি টাকা। আর ২০২৪-২৫ অর্থবছরে এ খাতে বরাদ্দ ছিল ৩ হাজার ৮৭০ কোটি টাকা।

 

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

 

বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, নিরাপদ, আধুনিক ও দক্ষ রেলব্যবস্থা গড়ে তুলতে সরকার রেলওয়ের সক্ষমতা বৃদ্ধি এবং আন্তঃদেশীয় রেল যোগাযোগ সম্প্রসারণে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে। একই সঙ্গে যাত্রী ও পণ্য পরিবহনকে আরও কার্যকর, দ্রুত এবং প্রযুক্তিনির্ভর করতে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

 

তিনি জানান, সরকারের পরিকল্পনার মধ্যে রয়েছে দেশের সব জেলাকে রেল নেটওয়ার্কের আওতায় আনা, বন্দরগুলোর সঙ্গে রেল সংযোগ বৃদ্ধি, আধুনিক লোকোমোটিভ, ক্যারেজ ও ওয়াগন সংগ্রহ, সৈয়দপুর ও পাহাড়তলী রেলওয়ে ওয়ার্কশপের সক্ষমতা উন্নয়ন এবং স্থানীয়ভাবে কোচ ও লোকোমোটিভ সংযোজন। এছাড়া ডুয়াল গেজ ডাবল লাইন নির্মাণ, আধুনিক সিগন্যালিং ব্যবস্থা চালু, ইলেকট্রিক ট্র্যাকশন প্রযুক্তি এবং উচ্চগতির রেল সংযোগ চালুর পরিকল্পনাও রয়েছে।

 

অর্থমন্ত্রী আরও বলেন, ঢাকা-চট্টগ্রাম রেলপথের ঢাকা-কুমিল্লা অংশে কর্ডলাইন নির্মাণ করা হবে। এই প্রকল্প বাস্তবায়িত হলে ওই রুটে প্রায় ৮০ কিলোমিটার পথ কমে আসবে। একই সঙ্গে ঢাকা-চট্টগ্রাম রেলওয়ে করিডোর প্রতিষ্ঠা এবং চট্টগ্রামকে দেশের অন্যতম লজিস্টিক হাব হিসেবে গড়ে তোলার কাজ এগিয়ে নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category