ক্রিড়া প্রতিবেদক
অপেক্ষার পালা শেষের দিকে। আগামীকাল (বৃহস্পতিবার) শুরু হতে যাচ্ছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ফুটবল বিশ্বকাপ। বিশ্বজুড়ে এখন ফুটবল জ্বরে কাঁপছে সবাই। বাংলাদেশও এর বাইরে নয়, নিজস্ব দল না থাকলেও বিশ্বকাপকে ঘিরে উন্মাদনা এখানে তুঙ্গে। বিশেষ করে লাতিন আমেরিকার দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনাকে ঘিরেই সবচেয়ে বেশি আগ্রহ ও আলোচনা।
বাংলাদেশের ক্রিকেটাররাও এই বিশ্বকাপ উন্মাদনায় ভাসছেন। কেউ ব্রাজিলের পক্ষে, কেউ আবার আর্জেন্টিনার সমর্থক, এ নিয়ে তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ তর্ক-বিতর্কও চলে নিয়মিত। জাতীয় দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ব্রাজিলের সমর্থক। অন্যদিকে টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস এবং টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আর্জেন্টিনার পক্ষে।
বিসিবি সভাপতি তামিম ইকবালও ব্রাজিলকে সমর্থন করেন বলে পরিচিত। পাশাপাশি জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার যেমন তাসকিন আহমেদ, তাওহিদ হৃদয়, মোসাদ্দেক হোসেন এবং মুস্তাফিজুর রহমানও ব্রাজিল সমর্থক হিসেবে পরিচিত।
অন্যদিকে সাবেক ও বর্তমান অনেক তারকা আছেন যারা আর্জেন্টিনার ভক্ত। তাদের মধ্যে রয়েছেন মাশরাফি বিন মুর্তজা, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিম।
তবে টাইগার শিবিরে কিছু ব্যতিক্রমও আছে। তরুণ পেসার নাহিদ রানা সরাসরি ক্রিশ্চিয়ানো রোনালদোর ভক্ত এবং নির্দিষ্ট কোনো দেশের পক্ষ নেন না। একইভাবে ওপেনার সৌম্য সরকারও রোনালদোর সমর্থক, তাই তার ঝোঁক পর্তুগালের দিকেই বেশি।
সব মিলিয়ে বাংলাদেশ দলে বিশ্বকাপ নিয়ে চলছে এক অন্যরকম ফুটবল-উৎসব। অনুশীলনের ফাঁকে ফাঁকে ক্রিকেটাররা যেমন মেতে উঠছেন আলোচনা ও স্লেজিংয়ে, তেমনি জমে উঠছে তাদের এই ‘ফুটবল লড়াই’ও।