নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর শিবপুরে ৩ কিলোমিটার খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে সারাদেশে এক বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন কর্মসূচির অংশ হিসেবে এ কার্যক্রম শিবপুরে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
রবিবার (২৪ মে) সকালে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য মন্জুর এলাহী। এ দিন উপজেলার যোশর ইউনিয়নের কাজিয়ারা ব্রিজ সংলগ্ন এলাকা থেকে সৈকারচর আড়িয়ালখা নদীর পাড় পর্যন্ত প্রায় তিন কিলোমিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদের প্রশাসক তোফাজ্জল হোসেন মাষ্টার।
শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুছা: ফারজানা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিছ রিকাবদার (কালামিয়া) এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও যোশর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ভিপি তোফাজ্জল হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কোহিনূর মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রকিবুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোতালিব বৈরাগী, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি শাহাদাৎ হোসেন মামুন, উপজেলা যুবদলের সদস্য সচিব আপেল মাহমুদ সুমন মুন্সী, উপজেলা মহিলা দলের সভাপতি মমতাজ বেগমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং ইউনিয়ন পরিষদের সদস্যরা।
সংসদ সদস্য মন্জুর এলাহী বলেন, খাল পুনরুদ্ধার ছাড়া নদী রক্ষা সম্ভব নয়। কারণ নদীর সঙ্গে সংযুক্ত খালগুলোই মূলত পানিপ্রবাহের শাখা-উপশাখা হিসেবে কাজ করে। ফলে সরকারের খাল খনন কর্মসূচির কারণে দেশের নদীগুলোতে আবারও প্রাণ ফিরে আসবে।
তিনি বলেন, দেশে নদীগুলো কেবল প্রাণ ফিরে পাবে তা নয়। খাল পুনঃখননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, তরান্বিত হবে সেচ প্রকল্প সেই সাথে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সরকারের এ উদ্যোগ।
শিপ্র/শাহোরা/