• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন

চিতলমারীতে হৃদরোগ ও স্ট্রোক প্রতিরোধে প্রশিক্ষণ কর্মশালা উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ

Reporter Name / ৩৫ Time View
Update : সোমবার, ১৮ মে, ২০২৬

 

এস. এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট জেলা প্রতিনিধি:বাগেরহাটের চিতলমারীতে হৃদরোগ ও স্ট্রোকজনিত মৃত্যুহার কমানো এবং উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণ কর্মসূচি শক্তিশালী করার লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ কর্মশালা শুরু হয়। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় উপজেলার বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্যসেবা প্রদানকারীরা অংশগ্রহণ করেন। একই দিনে একটি কোয়ালিটি ইমপ্রুভমেন্ট অ্যাডভোকেসি সভাও অনুষ্ঠিত হয়।

চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শর্মী রায়ের সভাপতিত্বে কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন খুলনা জোনের বিভাগীয় প্রোগ্রাম অফিসার আসলাম পারভেজ এবং সার্ভেইলেন্স মেডিকেল অফিসার ডা. আলী নূর হাসান।

এ সময় আরও উপস্থিত ছিলেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মো. আতাউর রহমানসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা।

কর্মশালায় উপজেলার ১৯টি কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি, কমিউনিটি গ্রুপের প্রতিনিধি এবং স্থানীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে উচ্চরক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধি, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, শারীরিক ব্যায়াম এবং ঝুঁকিপূর্ণ জীবনধারা পরিহারের ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, হৃদরোগ ও স্ট্রোক বর্তমানে দেশে মৃত্যুর অন্যতম প্রধান কারণ। তাই তৃণমূল পর্যায়ে উচ্চরক্তচাপ শনাক্তকরণ, রোগীদের নিয়মিত ফলোআপ এবং সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি।

এদিন অনুষ্ঠিত কোয়ালিটি ইমপ্রুভমেন্ট অ্যাডভোকেসি সভায় নবনিযুক্ত চিকিৎসক, নার্সিং সুপারভাইজার, সিনিয়র স্টাফ নার্স, সাব-অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার, স্টোরকিপার ও পরিসংখ্যানবিদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

সভায় উচ্চরক্তচাপ রোগীর নিবন্ধন ও স্ক্রিনিং বৃদ্ধি, এনসিডি কর্নারে জনবল বৃদ্ধি, চিকিৎসা প্রোটোকল অনুসরণ, জীবনধারা পরিবর্তন কাউন্সেলিং জোরদার এবং মিসড ভিজিট হার কমানোর বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আয়োজকরা জানান, তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবাকে আরও কার্যকর ও জনবান্ধব করতে এ ধরনের প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এস. এম. সাইফুল ইসলাম কবির
বাগেরহাট জেলা প্রতিনিধি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category