ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ করেছেন বাংলাদেশি অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এ ঘটনায় প্রতিকার চেয়ে স্থানীয় থানায় অভিযোগ করেছেন তিনি।
৭ সেপ্টেম্বর (সোমবার) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে লাইভে এসে বাঁধন অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মী সমর্থকেরা তাকে লক্ষ্য করে পানি ও পচা ডিম নিক্ষেপ করে।
তার দাবি, ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনে সমর্থনের কারণে ভেনিস আওয়ামী লীগ ও ছাত্রলীগের পরিচয় দেওয়া কয়েকজন নেতাকর্মী এ ঘটনা ঘটিয়েছেন। তাকে জোর করে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে বলা হয় এবং পুরো ঘটনাটি ভিডিও ধারণ ও লাইভ করা হচ্ছিল বলে অভিযোগ করেন তিনি।
অভিনেত্রী বলেন, ‘আমি অবশ্যই জুলাইযোদ্ধা। জুলাইয়ে আন্দোলনে অংশগ্রহণ করেছি।’
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতেও একদল ব্যক্তিকে নিজেদের ছাত্রলীগকর্মী পরিচয় দিতে এবং বাঁধনকে ‘জুলাই জঙ্গি’ বলে আখ্যা দিতে দেখা গেছে। ভিডিওতে তাকে লক্ষ্য করে চড়াও হওয়ার চেষ্টার দৃশ্যও রয়েছে।
বাঁধন জানান, ঘটনার সময় তার ভাইয়ের ছোট সন্তানও সঙ্গে ছিল। হামলার সময় শিশুটি ভয় পেয়ে চিৎকার করছিল। এ ছাড়া তার ফোন কেড়ে নিয়ে ফেলে দেওয়া এবং কানের পাশে আঘাত করারও অভিযোগ করেন তিনি।
হামলাকারীরা নিজেদের ‘বঙ্গবন্ধুর সৈনিক’ হিসেবে পরিচয় দিয়েছিল বলেও দাবি করেন বাঁধন।
ঘটনার বর্ণনা দিতে গিয়ে বাঁধন বলেন, ‘আমাকে দমানো সহজ নয়। আমার মনে হয়েছিল, আজকে আমাকে মেরে ফেলতে পারে।’
২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনে রাজপথে সক্রিয় অংশগ্রহণের পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমেও বাংলাদেশের তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সোচ্চার ছিলেন বাঁধন। সেই প্রেক্ষাপটেই এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ঘটনার প্রতিকার চেয়ে স্থানীয় থানায় অভিযোগ করেছেন বাঁধন।
‘রেহানা মরিয়ম নূর’ চলচ্চিত্রের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পাওয়া বাঁধন বর্তমানে ভেনিস চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।