• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন

জাকসু আয়োজনসহ একগুচ্ছ দাবি জাবির ‌শহীদ তাজউদ্দীন আহমদ হল সংসদের

জাবি প্রতিনিধি / ৬ Time View
Update : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদের মেয়াদ শেষ হতে যাচ্ছে আগামী ১৮ই সেপ্টেম্বর। পরবর্তী জাকসু ও হল সংসদ নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন শহীদ তাজউদ্দীন আহমদ হল সংসদ‌।

শনিবার (৫ই সেপ্টেম্বর) রাত ৮:৩০টায় শহীদ তাজউদ্দীন আহমদ হল সংসদ কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক কার্যনির্বাহী সভায় সর্বসম্মতিক্রমে উক্ত দাবি উত্থাপন করা হয়। এছাড়াও, হল সংসদের উদ্যোগে হলের সার্বিক উন্নয়নে একগুচ্ছ উদ্যোগ‌ নেওয়া হয়েছে। হল সংসদ নেতৃবৃন্দ জানিয়েছেন– গৃহীত উদ্যোগগুলোর অধিকাংশ কাজ সংসদের মেয়াদের মধ্যে সম্পন্ন হবে এবং বাকিগুলোর কাজ সংসদ থাকাকালীন শুরু হয়ে চলমান থাকবে।

গৃহীত উদ্যোগের মধ্যে রয়েছে–আগামী এক সপ্তাহের মধ্যে হল মসজিদ রং করার কাজ টেন্ডার পাস করে শুরু করা, ১০ তারিখের মধ্যে হলের নামফলক ও গেইটের কাজ আরম্ভ, ৬ তারিখ হলের খেলার মাঠ তৈরির কাজ পর্যবেক্ষণ ও হল ফান্ড থেকে জরুরিভিত্তিতে কাজ শুরু করা, মাঠের পাশে বা হলের পশ্চিম পাশে হল চত্বর নির্মাণ, রিডিং রুমে নতুন চার্জিং পোর্ট বসানো ও বই রাখার জন্য ৪টি বুকশেলফ ক্রয়।

এছাড়াও, হল সংসদের কার্যপ্রণালীর ওপর বার্ষিক ম্যাগাজিন প্রকাশ করা, হলের জলছাদ সংস্কার করা, বিশ্ববিদ্যালয় বন্ধের সময় ডাইনিং ও ক্যান্টিন সংস্কার, হলের সৌন্দর্যবর্ধনের জন্য বৃক্ষরোপণ ও ফুলগাছ লাগানো, হলের পশ্চিম পাশে বেড়া দেওয়া, কমনরুমে টেবিল টেনিস বোর্ড ক্রয়, নবীন ৫৫ ব্যাচের নবীনবরণ ও ফিস্ট আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

হল সংসদের সহ-সভাপতি (ভিপি) মোহা. সিফাতুল্লাহ বলেন, “আমাদের হল সংসদ চালু হওয়ার পর ইতোমধ্যে কমনরুমে ‘জিমনেসিয়াম’, হল মসজিদ লাইব্রেরি, সাইকেল স্ট্যান্ড, পানির ফিল্টার, গ্যাস সংযোগ স্থাপন, ডাইনিং চালু, ডাইনিংয়ে বড়ো এলইডি টিভি স্থাপন, ওয়াশরুমে পানিপড়ার সমাধান, ৫৪ ব্যাচের নবীনবরণ ও ফিস্ট, ৫৫ ব্যাচের সিঙ্গেল সিটের ব্যবস্থা করা-সহ অসংখ্য কাজ সম্পন্ন হয়েছে। আজকে আমরা আরও অনেকগুলো উদ্যোগ গ্রহণ করেছি; যার অনেকগুলো সংসদের মেয়াদ থাকতেই বাস্তবায়িত হবে এবং কিছু শুরু হয়ে চলমান থাকবে।”

পরবর্তী জাকসু ও হল সংসদ নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও যোগ্য শিক্ষার্থীনেতৃত্ব গড়ে তুলতে আগামীতেও জাকসু ও হল সংসদ নির্বাচন আয়োজন করতে শহীদ তাজউদ্দীন আহমদ হল সংসদ সর্বসম্মতিক্রমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট দাবি উত্থাপন করছে।”

সার্বিক বিষয়ে হল সংসদের সভাপতি ও প্রাধ্যক্ষ অধ্যাপক ড. খন্দকার লুৎফুল এলাহী বলেন, “হলের সার্বিক উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নিতে হল সংসদ যেসব উদ্যোগ গ্রহণ করেছে, সেগুলো ইতিবাচক ও প্রশংসনীয়। শিক্ষার্থীদের কল্যাণে গৃহীত উদ্যোগগুলো বাস্তবায়নে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা ইতঃপূর্বে করা হয়েছে এবং আগামীতেও করা হবে। একই সঙ্গে, শিক্ষার্থীদের নেতৃত্বের বিকাশ ও বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশ সমুন্নত রাখতে নিয়মিতভাবে জাকসু ও হল সংসদ নির্বাচন আয়োজনের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আহ্বান জানাচ্ছি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category