• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন

সাম্প্রদায়িক সম্প্রীতি ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না: নাহিদ

ইউনাইটেড ডেস্ক / ৩৩ Time View
Update : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

সাম্প্রদায়িক সম্প্রীতি ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

৪ সেপ্টেম্বর (শুক্রবার) রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, আমরা অতীতে বিভিন্ন সময় দেখেছি, এ দেশে যারা সংখ্যায় কম—ধর্মের দিক থেকে, জাতির দিক থেকে তাদের ওপর নানা ধরণের নির্যাতন-নিপীড়ন হয়েছে। সেখানে রাষ্ট্র বা সরকার চুপ ছিল। কোনো ধরনের ব্যবস্থা নেয়নি। কখনো কখনো পরোক্ষভাবে সেগুলোর সমর্থন জানিয়েছে। এতে বিচারহীনতার একটা সংস্কৃতি গড়ে উঠেছিল। সেই জায়গা থেকে জুলাই গণঅভ্যুত্থান পর আমরা বারবার বলে এসেছি, বিচারব্যবস্থা শক্তিশালী করতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবিক মর্যাদা নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, হিন্দু সম্প্রদায়সহ সব ধর্মের মানুষের সঙ্গে আমাদের একটি আত্মার বন্ধন আছে। তাদের উৎসবগুলো হাজার বছরের ঐতিহ্যের। এই বদ্বীপের বহু সংস্কৃতি বহু ধর্মের মানুষের আদান-প্রদান মিথস্ক্রীয়া যোগাযোগের মাধ্যমে গড়ে উঠেছে। এমন মেলবন্ধন ধরে রাখতে হবে।

এনসিপির আহ্বায়ক আরো বলেন, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন করলে আমরা মনে করি, দেশের বিচারব্যবস্থা শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়াবে। এর মাধ্যমে দেশের সব সম্প্রদায়ের মানুষের ন্যায়বিচার পাওয়ার একটা জায়গা থাকবে। সরকার-বিরোধীদলসহ সব রাজনৈতিক শক্তিরই এ বিষয়টি লক্ষ্য রাখতে হবে। বিচারহীনতার সংস্কৃতির পরিবর্তন আনতে হবে। রাজনৈতিক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category