ফেনীর আলোচিত মাদরাসা ছাত্রী নুসরাত হত্যা মামলায় হাইকোর্টে আপিলের রায় পড়া শুরু হয়েছে। সোমবার (২৪ আগস্ট) পৌনে ১১ টায় মামলার রায় পড়া শুরু হয়।
হাইকোর্টের বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় পড়া শুরু ।
আলোচিত এ হত্যাকাণ্ডের পর থেকেই ন্যায়বিচারের জন্য লড়াই চালিয়ে যাচ্ছে নুসরাতের পরিবার।
মামলার ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষে উচ্চ আদালত রায়ের দিন নির্ধারণ করায় সন্তোষ প্রকাশ করেছেন নুসরাতের মা শিরিন আক্তার। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, নিম্ন আদালতে যেভাবে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়েছিল, উচ্চ আদালতেও সেই ন্যায়বিচার বজায় থাকবে এবং মেয়ের হত্যার সঠিক বিচার পাবেন তারা।
মামলার নথিপত্র অনুযায়ী, ২০১৯ সালের ২৭ মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজ উদদৌলা নিজ কক্ষে ডেকে নিয়ে নুসরাতের শ্লীলতাহানি ঘটান। এ ঘটনায় মামলা হলে তাকে গ্রেফতার করা হয়। মামলা তুলে না নেওয়ায় ৬ এপ্রিল মাদরাসার ছাদে ডেকে নিয়ে নুসরাতের হাত-পা বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ওই বছরের ১০ এপ্রিল নুসরাতের মৃত্যু হয়।