ডেঙ্গুর প্রকোপ নিয়ে আশঙ্কা প্রকাশ করে বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটির (বিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বলেছেন, সেপ্টেম্বর ও অক্টোবরে দেশে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়তে পারে। সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় রোগীদের চিকিৎসাসেবা দিতে বিএমইউ প্রয়োজনীয় প্রস্তু রয়েছে।
সোমবার (১৭ আগস্ট) বিএমইউর অডিটোরিয়ামে ‘ডেঙ্গু ২০২৬: আপডেটস অন ইমার্জিং চ্যালেঞ্জেস অ্যান্ড ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট’ শীর্ষক ইউনিভার্সিটি সেন্ট্রাল সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেন্ট্রাল সেমিনার সাব-কমিটির উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।
এসময় বিএমইউর ভাইরোলজি বিভাগের অধ্যাপক ও সেন্ট্রাল সেমিনার সাব-কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. আফজালুন নেছার সভাপতিত্বে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, চিকিৎসক ও রেসিডেন্ট শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এফ এম সিদ্দিকী বলেন, সেপ্টেম্বর, অক্টোবর ও ডিসেম্বর মাসে দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব আরও বাড়তে পারে। সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটি রোগীদের চিকিৎসাসেবা প্রদানের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে।
তিনি বলেন, ডেঙ্গু মোকাবিলায় শুধু চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের প্রস্তুতি যথেষ্ট নয়। ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণ ও প্রতিরোধে সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করে ব্যাপক সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে।
বিএমইউ উপাচার্য আরও বলেন, ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের পাশাপাশি জনগণের মধ্যে প্রতিরোধমূলক আচরণ নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে বিএমইউর উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম বলেন, ডেঙ্গু আক্রান্ত রোগীর সঠিক সময়ে রোগ নির্ণয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। সময়মতো রোগ নির্ণয় না হলে রোগীর অবস্থার অবনতি হতে পারে। তাই দ্রুত রোগ নির্ণয় করে সঠিক চিকিৎসা নিশ্চিত করতে হবে।
সেমিনারে ডেঙ্গুর বর্তমান পরিস্থিতি, রোগের জটিলতা, সময়মতো রোগ শনাক্তকরণ এবং যথাযথ চিকিৎসা ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে ডেঙ্গু রোগীদের চিকিৎসায় দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, ঝুঁকিপূর্ণ রোগী শনাক্তকরণ এবং হাসপাতাল পর্যায়ে সমন্বিত চিকিৎসা ব্যবস্থাপনার প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।
সেমিনারে বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন বিএমইউর ভাইরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এস এম রাশেদ উল ইসলাম। তিনি ‘দ্য চেঞ্জিং ল্যান্ডস্কেপ অব ডেঙ্গু ইন বাংলাদেশ: সেরোটাইপ ডাইনামিক্স অ্যান্ড ডিজিজ সিভিয়ারিটি’ বিষয়ে আলোচনা করেন।
এ ছাড়া বিএমইউর ইন্টারনাল মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. খালেদ মাহবুব মুর্শেদ ‘আপডেটেড ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট অব ডেঙ্গু’ বিষয়ে বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন।