• বুধবার, ২০ মে ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন

মন্ত্রিসভার আকার বাড়ছে: নরসিংদী থেকে আলোচনায় ড. মঈন খান ও ইঞ্জিনিয়ার আশরাফ

Reporter Name / ৪৭ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

দেশের রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে আলোচিত বিষয়—প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত বর্তমান মন্ত্রিসভার আকার সম্প্রসারণ। প্রায় তিন মাস আগে ৫০ সদস্যের মন্ত্রিসভা নিয়ে যাত্রা শুরু করা এই সরকারের কলেবর বৃদ্ধি এবং দফতর রদবদলের জোর গুঞ্জন চলছে। প্রবীণ ও নবীনের সমন্বয়ে মন্ত্রিসভায় গতিশীলতা আনতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে দলীয় ও দায়িত্বশীল সূত্রে জানা গেছে। বিভিন্ন গনমাধ্যমে  এ সংক্রান্ত খবর প্রকাশ করেছে।

এই সম্ভাব্য বর্ধিত মন্ত্রিসভায় স্থান পেতে পারেন—এমন নেতাদের তালিকায় নরসিংদী জেলা থেকে ব্যাপকভাবে আলোচনায় উঠে এসেছেন বিএনপির দুই হেভিওয়েট নেতা। ড. আব্দুল মঈন খান বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং নরসিংদী-২ (পলাশ) আসন থেকে নির্বাচিত প্রবীণ সংসদ সদস্য।

ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলবিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক এবং নরসিংদী-৫ (রায়পুরা) আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত সংসদ সদস্য।

অভিজ্ঞতা ও সিনিয়রিটির মূল্যায়নে ড. মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির প্রবীণ সদস্য ড. আব্দুল মঈন খান অতীতেও সরকারের তথ্য মন্ত্রণালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব সফলভাবে পালন করেছেন। ২০২৬ সালের সাম্প্রতিক জাতীয় নির্বাচনে নরসিংদী-২ আসন থেকে তিনি আবারও সংসদ সদস্য নির্বাচিত হন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন সরকারের রাষ্ট্রীয় সংস্কার কার্যক্রম ও আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্ক জোরালো করতে ড. মঈন খানের মতো একজন অভিজ্ঞ, সুশিক্ষিত ও পরিচ্ছন্ন ভাবমূর্তির প্রবীণ রাজনীতিককে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা সময়ের দাবি। তৃণমূলের নেতাকর্মীদের মাঝেও তাকে গুরুত্বপূর্ণ কোনো মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্বে দেখার ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

রায়পুরার মানুষের প্রত্যাশা: আলোচনায় ইঞ্জিনিয়ার আশরাফ বকুল

অন্যদিকে, নরসিংদী-৫ (রায়পুরা) আসন থেকে দীর্ঘ ২৮ বছর পর আওয়ামী লীগের দুর্গ ভেঙে বিপুল ভোটে জয়ী হয়েছেন ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) থেকে পাস করা এই প্রকৌশলী মাঠপর্যায়ের রাজনীতিতে অত্যন্ত জনপ্রিয় এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর অন্যতম উপদেষ্টা।

সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরপরই তিনি রায়পুরা পৌরসভাকে টোলমুক্ত ঘোষণা করা এবং মেঘনা নদীর খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করার মতো প্রশংসনীয় পদক্ষেপ নিয়ে সাধারণ মানুষের মন জয় করেছেন। রায়পুরা ও নরসিংদী জেলা বিএনপির তৃণমূলের দাবি, একজন সৎ, সাহসী এবং প্রযুক্তিজ্ঞানসম্পন্ন নেতা হিসেবে ইঞ্জিনিয়ার আশরাফকে নতুন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী হিসেবে যুক্ত করলে সরকারের জনকল্যাণমূলক ও উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে।

নরসিংদীতে উচ্ছ্বাস ও রাজনৈতিক সমীকরণ

১৯৯১ সালের পর ২০২৬ সালের এই জাতীয় নির্বাচনেই প্রথম নরসিংদীর পাঁচটি আসনের সবকটিতে ধানের শীষের প্রার্থীরা জয়লাভ করে রেকর্ড গড়েছেন। জেলার এই অভূতপূর্ব সাফল্যের মূল্যায়ন এবং নরসিংদীবাসীর দীর্ঘদিনের উন্নয়নবঞ্চনা দূর করতে নতুন মন্ত্রিসভায় এই জেলা থেকে শক্তিশালী প্রতিনিধি রাখার দাবি জোরালো হচ্ছে।

দলীয় সূত্রের খবর আসন্ন ঈদুল আজহার আগে বা পরেই মন্ত্রিসভার এই সম্প্রসারণ এবং দফতর বণ্টনের চূড়ান্ত ঘোষণা আসতে পারে। তবে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী তারেক রহমান কাদের ওপর পূর্ণ আস্থা রেখে মন্ত্রিসভায় টেনে নিচ্ছেন, তা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন নরসিংদীবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category