নিজস্ব প্রতিবেদক
ময়মনসিংহের আনন্দ মোহন কলেজ রেলক্রসিং এলাকায় দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের একটি পাওয়ার কার লাইনচ্যুত হওয়ায় ঢাকা-ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। তবে এ ঘটনায় কোনো যাত্রীর হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার (১০ জুন) সকাল ৯টা ১২ মিনিটের দিকে জামালপুর রেলওয়ে থানার আওতাধীন ময়মনসিংহের আনন্দ মোহন কলেজ রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, ব্রহ্মপুত্র এক্সপ্রেসের সামনের নয়টি বগি লাইন অতিক্রম করলেও একটি বগি আটকে গেছে। সেটি উদ্ধারের কাজ চলছে।
রেলওয়ে সূত্র জানিয়েছে, ঘটনাস্থলে রেলওয়ে পুলিশ, জেলা পুলিশ এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যরা মোতায়েন রয়েছেন। উদ্ধার অভিযান চলমান থাকায় জামালপুর থেকে ময়মনসিংহ হয়ে ঢাকামুখী ট্রেন চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে।
এদিকে, এখন পর্যন্ত এ ঘটনায় কোনো যাত্রী হতাহত হওয়ার তথ্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে এবং দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।