সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান–এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজধানীর জিয়া উদ্যানে অবস্থিত তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (৩০ মে) সকাল ১১টায় তারেক রহমানের নেতৃত্বে বিএনপির কেন্দ্রীয় নেতারা এবং দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন এবং জিয়ারত করেন।
এ সময় উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাহউদ্দীন আহমদ, মইন খান, রুহুল কবির রিজভী এবং গয়েশ্বর চন্দ্র রায়সহ দল ও সরকারের বিভিন্ন পর্যায়ের নেতারা।
শ্রদ্ধা নিবেদন শেষে মাজার প্রাঙ্গণে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর মানিক মিয়া এভিনিউ এলাকায় দুস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।
জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি পালন করছে।