প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “সাধারণ মানুষ স্বস্তির বিষয়কে গুরুত্ব দিয়ে বাজেটে ৬০টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের উপর ভ্যাট ও ট্যাক্স কমানো হয়েছে। সেদিকে বিরোধী দলের নজর না থাকলেও তারা ক্ষতিকর পণ্যের ওপর কর বাড়ানো নিয়েই অসন্তোষ প্রকাশ করছে।”
শনিবার (১৩ জুন) বেলা পৌনে ১২টার দিকে কক্সবাজার সদরের পিএমখালীতে পাতলী খাল পুনঃখনন উদ্বোধনের পর আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।
বিরোধী দলের উদ্দেশে তিনি বলেন, “তাদের এই অবস্থান থেকেই বোঝা যায়, তারা আসলে জনগণের স্বার্থ নয়, বরং বিভ্রান্তি সৃষ্টি করতেই বেশি আগ্রহী।”
খাল পুনঃখনন প্রসঙ্গে তারেক রহমান বলেন, “নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সরকার সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখননের পরিকল্পনা বাস্তবায়ন করছে। পাতলী খালের মাধ্যমে এই অঞ্চলে প্রায় ১২০০ হেক্টর জমিতে সেচ সুবিধা সম্প্রসারণ হবে এবং কৃষি উৎপাদন উল্লেখযোগ্যভাবে বাড়বে। এই এলাকার প্রায় ৪০ হাজার মানুষ সরাসরি এই প্রকল্পের সুফল ভোগ করবে।”
তিনি বলেন, “কৃষকদের জন্য কৃষক কার্ড চালু করা হয়েছে, যার মাধ্যমে সার, বীজ ও কীটনাশক কেনার জন্য বছরে ২৫০০ টাকা সহায়তা দেওয়া হচ্ছে।”
নারীর শিক্ষা প্রসঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “গ্রামীণ নারীদের শিক্ষার সুযোগ সম্প্রসারণে আগেই উদ্যোগ নেওয়া হয়েছিল। এবার তা আরো বিস্তৃত করা হয়েছে। ডিগ্রি ও স্নাতক পর্যন্ত নারীদের বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করা হবে এবং তাদের উপবৃত্তির আওতায় আনা হবে।”
“দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণই বিএনপির মূল লক্ষ্য। “আমাদের রাজনীতি মানুষের জন্য। তাই ভোটের আগেই নয়, আগেই মানুষের কাজ শুরু করা হয়েছে। করবো কাজ, সবার আগে বাংলাদেশ—এটাই আমাদের অঙ্গীকার”, যোগ করেন তিনি।
এ সময় বক্তব্য রাখেন- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, পানিসম্পদমন্ত্রী শহিদউদ্দিন চৌধুরী এ্যানি, স্থানীয় সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলসহ প্রমুখ।