সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির সাবেক চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ ১৫ আগস্ট। ১৯৪৫ সালের এই দিনে দিনাজপুরে তার জন্ম হয়।
১৯৯১ সাল থেকে খালেদা জিয়া তিন বার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। গত বছরের ৩০ ডিসেম্বর রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর রাজনীতিতে যুক্ত হন খালেদা জিয়া। রাজনীতিতে যুক্ত হওয়ার আড়াই বছরের মধ্যে তিনি বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন। এরপর তিনি ৪১ বছর দায়িত্বে ছিলেন। এ দীর্ঘ সময়ে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি তিনবার বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় গেছে।
বিএনপির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ১৯৮২ সালের ৩ জানুয়ারি খালেদা জিয়া বিএনপির প্রাথমিক সদস্যপদ নেন। ১৯৮৩ সালের মার্চে তিনি দলের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান হন। এরপর ১৯৮৪ সালের ১২ জানুয়ারি খালেদা জিয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন মনোনীত হন। একই বছরের ১০ মে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন।
সেই থেকে ৪১ বছরের বেশি সময় ধরে বিএনপির চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেছেন খালেদা জিয়া। এর মধ্যে ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে যথাক্রমে পঞ্চম, ষষ্ঠ ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হন। খালেদা জিয়া ব্যক্তিগতভাবে কখনো কোনো নির্বাচনে হারেননি।
১৯৯১ সালে খালেদা জিয়া দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী সরকারপ্রধান হন। নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নে ভূমিকা রাখার জন্য ২০০৫ সালে ফোর্বস ম্যাগাজিনে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারীদের তালিকায় ২৯ নম্বরে ছিলেন খালেদা জিয়া।
বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে খালেদা জিয়া একজন ক্যারিশম্যাটিক নেতা ছিলেন। একজন সাধারণ গৃহবধূ থেকে উঠে এলেও তিনি একজন সফল শাসক হয়ে উঠেন। পাশাপাশি রাজপথে তিনি প্রতিবাদের প্রতীকে পরিণত হন। তাঁর অবদান তাঁকে অনন্য উচ্চতায় নিয়ে যায়।
খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির পক্ষ থেকে কর্মসূচি নেওয়া হয়েছে। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মসূচির বিস্তারিত তুলে ধরা হয়েছে।
বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিএনপির জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। এ ছাড়া দেশব্যাপী বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মী ও সমর্থকদের মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেওয়ার জন্য জন্য অনুরোধ করা হয়েছে।
১৯৪৫ সালের ১৫ আগস্ট ইস্কান্দার মজুমদার ও তৈয়বা মজুমদারের ঘরে জন্ম হয় খালেদা জিয়ার। ১৯৬০ সালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে তার বিয়ে হয়। তার দল বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করেছে। তাদের জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান এখন প্রধানমন্ত্রীর দায়িত্বে রয়েছেন।