শেখ মুজিব একদলীয় শাসন কায়েম করতে চতুর্থ সংশোধনীর পথে হেটেছিলেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী মনিরা শারমিন। তিনি বলেন, মুজিবের এমন সিদ্ধান্তের ফলে শান্তিপূর্ণ ও আইনি পথে ক্ষমতা হস্তান্তরের সকল পথ রুদ্ধ করা হয়েছিলো।
শুক্রবার (১৪ আগস্ট) দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে তিনি লেখেন, আজ ঐতিহাসিক বাকশাল পতন দিবস। চতুর্থ সংশোধনীর মাধ্যমে একদলীয় শাসন কায়েম করে শান্তিপূর্ণ ও আইনি পথে ক্ষমতা হস্তান্তরের সকল পথ রুদ্ধ করেছিলেন শেখ মুজিব। যার ফলে শেখ পরিবারের মর্মান্তিক পরিণতির মাধ্যমে বাকশালী একদলীয় শাসনের অবসান ঘটে।
উল্লেখ্য, ১৯৭৫ সালে সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে দেশে একদলীয় রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়। এর মধ্য দিয়ে বহুদলীয় রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ সীমিত হয়ে পড়ে এবং রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রীকরণ ঘটে।
সমালোচকদের মতে, এর ফলে শান্তিপূর্ণ ও সাংবিধানিক উপায়ে রাজনৈতিক ক্ষমতা হস্তান্তরের পথ সংকুচিত হয়েছিল।
এর প্রেক্ষাপটে পরবর্তীতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হন।