জঙ্গিগোষ্ঠীকে অর্থায়নে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বৈদেশিক অনুদানে পরিচালিত “মুসলিম এইড ইউকে”র নিবন্ধন বাতিল করেছে এনজিও বিষয়ক ব্যুরো। বৃহস্পতিবার (১৩ আগস্ট) এনজিও বিষয়ক ব্যুরোর যুগ্মসচিব ব্যারিস্টার মোঃ খলিলুর রহমান খান সাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘মুসলিম এইড ইউকে, বাংলাদেশ ফিল্ড অফিস’ (রেজিঃ ৫৫২) আপনার সংস্থার বিরুদ্ধে কক্সবাজার জেলার মানবিক সহায়তাসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী কার্যক্রম অসন্তোষজনক এবং উগ্রবাদী সংগঠনকে আর্থিক সহযোগিতার সুনির্দিষ্ট তথ্য পাওয়া গিয়েছে। যা ‘বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম) রেগুলেশন আইন, ২০১৬ এর ধারা-১৪ পরিপন্থী। একই সঙ্গে তদন্তের ভিত্তিতে রেগুলেশন আইন, ২০১৬ এর ধারা-১৫(খ) অনুযায়ী একই আইনে আপনার নিবন্ধন কার্যক্রম বাতিল করা হলো।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আপনার সংস্থা, মিয়ানমারে অবস্থানরত রোহিঙ্গাদের বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশে উৎসাহ যোগানোসহ তাদের বিভিন্ন প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে রাষ্ট্র বিরোধী কর্মকান্ডে সম্পৃক্তকরণের অভিযোগ রয়েছে। এছাড়া আপনার সংস্থার বিরুদ্ধে অবৈধ মানবপাচার, বন বিভাগের গাছ ও মাটি কেটে বনভূমি দখল, ইয়াবা ব্যবসা, ডাকাতদের আশ্রয়সহ বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে।
সম্পত্তি বাজেয়াপ্ত ও ব্যাংক হিসাব অবরুদ্ধ:
ঢাকা জেলা প্রশাসককে সংস্থাটির নগদ বৈদেশিক অনুদান এবং এর মাধ্যমে অর্জিত যাবতীয় স্থাবর ও অস্থাবর সম্পত্তির তালিকা তৈরি করে সরকারের দখলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের (লোকাল অফিস) মাধ্যমে পরিচালিত সংস্থাটির বিশেষ বৈদেশিক অনুদান হিসাবটি (হিসাব নং: MSA-২০৯১৯) অবরুদ্ধ (ফ্রিজ) ঘোষণা করা হয়েছে।