কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় কানিপাড়া এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে শহিদুল ইসলাম (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি এলাকার আব্দুল শেখ’র পুত্র।
১০ আগস্ট (সোমবার) দুপুরে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্র জানায়, ৮শতক জমি নিয়ে এলাকার আব্দুল শেখ ও শুক্কুর আলীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে কয়েক দফা স্থানীয়ভাবে সালিশ এবং ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে শুনানির চেষ্টা করা হয়। তবে বিরোধপূর্ণ জমির দাবি নিয়ে দু’পক্ষ অনড় ছিল।
নিহতের পরিবারের অভিযোগ, সোমবার দুপুর আড়াইটার দিকে শুক্কুর আলীসহ কয়েকজন ওই জমিতে হালচাষ করে আমনধানের বীজ রোপণের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় আব্দুল শেখের ছেলে শহিদুল ইসলাম ও তাঁর স্বজনেরা সেখানে গিয়ে বাঁধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে শহিদুল ইসলামকে মাছ ধরার সরঞ্জাম কোঁচ দিয়ে আঘাত করা হয়। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সংঘর্ষের খবর পেয়ে ভূরুঙ্গামারী থানা পুলিশ সাঁড়াশি অভিযান পরিচালনা করে মারামারি ও হত্যাকান্ডে জড়িত ১৭ জন ব্যক্তিকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানান, বিবাদমান দুই পক্ষকে শান্ত করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। মারামারি ও হত্যাকান্ডে জড়িত ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।