ইরানের ওপর কয়েক মাস ধরে মার্কিন সামরিক হামলা, নিষেধাজ্ঞা ও নৌ-অবরোধের পর দেশটির অর্থনৈতিক পরিস্থিতির অবনতির দিকে নজর রাখছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়তে থাকায় তারা আপাতত অনেকটা নীরব ও সীমিত পরিসরে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
১০ আগস্ট (সোমবার) যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন। এক সংক্ষিপ্ত ফোনালাপে তাকে উদ্ধৃত করে অ্যাক্সিওস জানিয়েছে, ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র এখন ‘লো-কি’ অবস্থানে রয়েছে।
ট্রাম্প বলেন, ‘আমরা বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছি। তাদের সঙ্গে আমরা কেবল আংশিকভাবে আলোচনা করছি। আমরা শুধু দেখছি, ইরানে মূল্যস্ফীতি কীভাবে বাড়ছে এবং দেশটির হাতে অর্থ নেই।’
ইরানের অর্থনৈতিক দুরবস্থার কথা তুলে ধরে ট্রাম্প বলেন, দেশটির অবস্থা খুব খারাপ। নিজেদের সেনাদের বেতন দেওয়ার মতো অর্থ ইরানের হাতে নেই।
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ ইরানের অর্থনৈতিক সংকটকে আরও তীব্র করেছে। তার ভাষ্য, অবরোধের কারণে দেশটির ওপর অর্থনৈতিক চাপ আরও বেড়েছে।
ইরানের সঙ্গে চলমান টানাপোড়েনের শেষ পরিণতি নিয়ে ট্রাম্প বলেন, ‘সব ঠিক হয়ে যাবে। বর্তমান পরিস্থিতি অনেকটা দাবা খেলার মতো।’
ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক ও অর্থনৈতিক চাপের মধ্যেই ট্রাম্পের এই মন্তব্য সামনে এলো। একই সময়ে ইরানের সঙ্গে আলোচনা ও সংঘাত: দুই দিকেই মার্কিন প্রশাসনের কৌশল নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে নানা আলোচনা চলছে।