রাজনীতির নামে দেশে ‘গ্যাংবাজির সংস্কৃতি’ চালু হয়েছে বলে অভিযোগ করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, হবিগঞ্জে আমাদের উপর হামলার পর থানায় মামলা করা হচ্ছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে। থানায় দায়ের হওয়া মামলাগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেও দাবি করেন তরুণ এই রাজনীতিবীদ।
শুক্রবার (৩১ জুলাই) দুপুরে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে পদযাত্রা ও সমাবেশে যোগ দেওয়ার আগে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আমরা স্বাভাবিকভাবে রাজনীতি করছি, কর্মসূচি করছি। জেলে নিয়ে গেলে জেলে যাব, আর মেরে ফেললে কবরে চলে যাব। মামলা দিয়ে আমাদের দমিয়ে রাখা যাবে না।”
তিনি দাবি করেন, মামলায় হামলা, হয়রানি ও ছিনতাইয়ের মতো অভিযোগ আনা হলেও এসবের কোনো সত্যতা নেই। তার ভাষায়, “আমি যে মামলাগুলো দেখেছি, সেখানে অনেক ইন্টারেস্টিং বিষয় লেখা হয়েছে। বলা হয়েছে- আমরা হামলা করেছি, হয়রানি করেছি, ছিনতাই করেছি। এসব কতটুকু সত্য, সেটা দেশবাসী দেখেছে।”
নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, তারেক রহমানের নতুন সরকার মামলাবাজি করবে, টেন্ডারবাজি করবে, দুর্নীতি করবে, সন্ত্রাস করবে যা যার মন চায় তাই করবে। কিন্তু একদিন তো এসবের শেষ হবে।
তিনি বলেন, “বাংলাদেশের রাজনীতিকে অপসংস্কৃতির দিকে নিয়ে যাওয়া হচ্ছে। যদি গ্যাংবাজিই করতে চান, তাহলে রাজনীতির নামে না করে সরাসরি গ্যাংবাজির ঘোষণা দিন।”
ছিনতাইয়ের অভিযোগ প্রসঙ্গে তিনি আরো বলেন, “তারা বলছে আইফোন ছিনতাই হয়েছে। সেটি কি জি কে গাউসের আইফোন, নাকি তারেক রহমানের আইফোন ছিল? এসব অভিযোগ অত্যন্ত লজ্জাজনক।”
এনসিপির এই নেতা বলেন, “দেশে সন্ত্রাস ও চাঁদাবাজির রাজত্ব কায়েম করা হয়েছে।” তার দাবি, “জিকে গাউস, নুরু, সালাউদ্দিন- এদের একটি গ্যাং আছে। তারা চাঁদাবাজি করে, সন্ত্রাস করে, টাকা তুলে গুলশান অফিসে জমা দেয়। আমরা এর তীব্র নিন্দা জানাই।”
মামলাকে ‘পাল্টা মামলা’ হিসেবে দেখছেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমাদের ওপর হামলা হয়েছে, আমরা মামলা করেছি। এরপর তারা একটি পাল্টা মামলা করেছে। এটিই ঘটনা।”
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “মানুষ ভয় পাচ্ছে। আমরাও ভয় পাই। তবে, ভয় পেয়ে রাজনীতি ছেড়ে দেব না। মামলা-হামলা দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না।”