আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ বাব এল মান্দেব প্রণালি, লোহিত সাগর ও এডেন উপসাগরের নিরাপত্তায় সৌদি আরবের নেতৃত্বাধীন বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোটে যোগ দিয়েছে বাংলাদেশ।খবর আল-জাজিরা অনলাইন।
লোহিত সাগরে সৌদি ট্রানজিটের ওপর ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ঘোষিত অবরোধ রিয়াদের স্থানীয় জলপথ সুরক্ষিত করার প্রয়োজনীয়তাকে আরো বাড়িয়ে দিয়েছে।
হরমুজ প্রণালিতে ইরানের যুদ্ধকালীন নিষেধাজ্ঞার মধ্যে বাব এল মান্দেব প্রণালিতে হুথিদের হামলা একটি গুরুত্বপূর্ণ বিকল্প বাণিজ্য পথকে ব্যাহত করেছে।
বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে, সম্মিলিত সামুদ্রিক প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করার একটি কাঠামো হিসেবে বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোটটি প্রতিষ্ঠা করা হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে ঘোষণা করেছে, তারা রিয়াদে মোট ৫১ জন আমন্ত্রিতের মধ্যে ৪৩টি দেশের প্রতিনিধি এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের সাথে ‘একটি বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোট প্রতিষ্ঠার জন্য সৌদির উদ্যোগ নিয়ে আলোচনা করতে’ একটি বৈঠক করেছে।
মন্ত্রণালয় জানিয়েছে, অংশগ্রহণকারীরা বাণিজ্যিক জাহাজ, জ্বালানি ট্যাংকার এবং সামুদ্রিক অবকাঠামোর ওপর হামলাসহ সামুদ্রিক নিরাপত্তাকে লক্ষ্য করে ক্রমবর্ধমান হুমকি এবং সামুদ্রিক নৌচলাচলের নিরাপত্তার জন্য এগুলোর সৃষ্ট ঝুঁকি নিয়ে আলোচনা করেছেন। প্রস্তাবিত জোটের কাঠামো এবং এর নেতৃত্ব ও নিয়ন্ত্রণের বিস্তারিত বিষয়গুলোও খতিয়ে দেখা হয়েছে।
উপস্থিত ৪৩টি প্রতিনিধিদলের মধ্যে সৌদি আরব, কুয়েত, বাহরাইন, কাতার, পাকিস্তান, তুরস্ক, মিশর, জর্ডান, ইয়েমেন, বাংলাদেশ, নাইজেরিয়া, সুদান, জিবুতি এবং সোমালিয়া পরবর্তীতে প্রস্তাবটির সমর্থনে একটি যৌথ বিবৃতিতে স্বাক্ষর করে।
স্বাক্ষরকারীরা জোর দিয়ে বলেছেন, তারা “বৈশ্বিক সামুদ্রিক নিরাপত্তার ক্রমবর্ধমান প্রতিবন্ধকতা এবং নৌচলাচলের স্বাধীনতা ও আন্তর্জাতিক বাণিজ্য পথ রক্ষা করতে এবং বাব এল-মান্দেব প্রণালি, লোহিত সাগর ও এডেন উপসাগরে বৈশ্বিক জ্বালানি সরবরাহ পথ সুরক্ষিত করার জন্য সম্মিলিত সামুদ্রিক প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তা স্বীকার করছেন।”
তারা আরো বলেছেন, এই জোটটি “সম্পূর্ণরূপে প্রতিরক্ষামূলক এবং এটি কোনো রাষ্ট্র, জোট বা আন্তর্জাতিক সংস্থাকে লক্ষ্য করে গঠিত নয়।”