২০২৫ সালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোট আয় আগের বছরের তুলনায় কমেছে। তবে, একই সময়ে রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যয় বেড়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দলটি নির্বাচন কমিশনে ২০২৫ সালের আয়-ব্যয়ের হিসাব জমা দেয়।
নির্বাচন কমিশন সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরের জমা দেওয়া প্রতিবেদনে দেখা যায়, ২০২৫ সালে জামায়াতের মোট আয় হয়েছে ২৩ কোটি ৬৮ লাখ ২৪ হাজার ১৩৯ টাকা। বিপরীতে ব্যয় হয়েছে ২৩ কোটি ৯১ লাখ ৮৬ হাজার ৯৩৪ টাকা।
হিসাব অনুযায়ী, আয়ের তুলনায় ব্যয় বেশি হয়েছে ২৩ লাখ ৬২ হাজার ৭৯৫ টাকা। বর্তমানে দলটির হাতে নগদ রয়েছে ৭ কোটি ৫১ লাখ ১৩ হাজার ৬৫ টাকা এবং ব্যাংক হিসাবে জমা রয়েছে ৭ কোটি ৯৮ লাখ ৩১ হাজার ৩৬৩ টাকা।
তুলনামূলক হিসাবে দেখা যায়, ২০২৪ সালে জামায়াতের মোট আয় ছিল ২৮ কোটি ৯৭ লাখ ২৯৯ টাকা। সে বছর ব্যয় হয়েছিল ২৩ কোটি ৭৩ লাখ ৩৮ হাজার ১৭৭ টাকা। অর্থাৎ ২০২৫ সালে আয় উল্লেখযোগ্যভাবে কমলেও ব্যয়ের পরিমাণ আগের বছরের তুলনায় কিছুটা বেড়েছে।