মার্কিন যুক্তরাষ্ট্রের হুমকি অব্যাহত থাকলে হরমুজ প্রণালি উন্মুক্ত হবে না বলে হুঁশিয়ারী দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।
৩০ জুলাই (বৃহস্পতিবার) আনাদেলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আইআরজিসি এক বিবৃতিতে জানায়,যতদিন মার্কিন কর্মকর্তাদের দম্ভোক্তি ও হুমকি এবং এই অঞ্চলে সামুদ্রিক চলাচলে তাদের হস্তক্ষেপ অব্যাহত থাকবে, ততদিন হরমুজ প্রণালি উন্মুক্ত হবে না। মার্কিন অব্যাহত হুমকি ও হস্তক্ষেপ পরিস্থিতিকে আরও কঠিন ও জটিল করে তুলবে।
আইআরজিসি দাবি করেছে, মার্কিন প্ররোচনায় দুটি তেলবাহী ট্যাংকার গত বুধবার রাতে হরমুজ প্রণালির দক্ষিণে একটি অনিরাপদ পথ দিয়ে যাতায়াতের চেষ্টা করেছিল। একটি জাহাজে ভয়াবহ আগুন লাগার পর উভয় জাহাজই দ্রুত ফিরে আসে।
বিবৃতিতে বলা হয়েছে, হরমুজ প্রণালি আমাদের ভূখণ্ড এবং আইআরজিসি নৌবাহিনী তা দৃঢ়ভাবে নিয়ন্ত্রণ করে। এতে আরও বলা হয় যে, হাজার হাজার কিলোমিটার দূর থেকে আসা কোনো বহিরাগত শক্তিকে হরমুজে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না।
এর আগে, মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টার জবাবে মার্কিন বাহিনী ইরানের বিরুদ্ধে ‘ব্যাপক’ হামলা চালিয়েছে