• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:২১ অপরাহ্ন

হবিগঞ্জে হামলার প্রতিবাদে সারাদেশে এনসিপির বিক্ষোভ

ইউনাইটেড ডেস্ক / ২ Time View
Update : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

হবিগঞ্জে সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলার প্রতিবাদে আজ ২৯ জুলাই (বুধবার) সারাদেশে প্রতিবাদ কর্মসূচি পালন করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

মঙ্গলবার রাতে দলটির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত বার্তায় এ তথ্য জানানো হয়।

জরুরি সাংগঠনিক নির্দেশনায় বলা হয়, এনসিপির সব মহানগর, জেলা, উপজেলা ও থানা শাখাকে নিজ নিজ এলাকায় প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ আয়োজনের জন্য নির্দেশনা দেওয়া হলো।

একই সঙ্গে সংশ্লিষ্ট সব সাংগঠনিক ইউনিটকে কর্মসূচি সফল ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং দলীয় নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিতি নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ও সার্কিট হাউজের ভেতরে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ ওঠে। হামলায় দলটির কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে এনসিপির নেতারা জানিয়েছেন। পাশাপাশি সাংবাদিকদের গাড়ি ভাঙচুর চালানো হয় বলে স্থানীয় সূত্রে জানা যায়।

এর আগে বিকেলে শহরের সাইফুর রহমান টাউন হল প্রাঙ্গণে এনসিপির জনসভা অনুষ্ঠিত হয়। এতে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন। বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ জিকে গউছকে নিয়ে সমালোচনা করেন নেতারা।

জনসভা শেষে নেতারা গাড়িবহর নিয়ে ফিরছিলেন। এ সময় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে পৌঁছালে ছাত্রদলের নেতাকর্মীরা বহরে হামলা চালায়। একপর্যায়ে স্থানীয় এনসিপি ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ এবং ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

এ সময় সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারীকে বহনকারী মাইক্রোবাসটি দ্রুত সার্কিট হাউসে প্রবেশ করে। তবে সেখানেও হামলা করা হয়। এতে গাড়ির চালকসহ ভেতরে থাকা কয়েকজন নেতাকর্মী মারধরের শিকার হন বলে জানিয়েছে এনসিপি।

এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত বলেন, জুলাই পদযাত্রায় অংশ নিতে আসা দলের কেন্দ্রীয় নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়িবহরে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। এ সময় এনসিপির নেতাকর্মী ও দায়িত্বরত কয়েকজন সাংবাদিক আহত হন।

তিনি বলেন,হামলায় সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারীও আহত হয়েছেন। আরও অভিযোগ করেন, এনসিপির মিডিয়া টিমের একটি মাইক্রোবাস হবিগঞ্জ জেলা সার্কিট হাউজের ভেতরে নিয়ে ভাঙচুর করা হয়। হামলাকারীরা শুধু গাড়ি ভাঙচুর করেনি, তাতে থাকা মোবাইল ফোন ও ক্যামেরা নিয়ে গেছে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category