বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন কমিশনার হিসাবে নিয়োগ দিয়েছে সরকার হোসেন সাদাতকে।
২৮ জুলাই (মঙ্গলবার) সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের (পুঁজিবাজার-১ শাখা) উপসচিব ফারজানা জাহান স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগের আদেশ জারি করা হয়।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩-এর ধারা ৫(২) অনুযায়ী যোগদানের তারিখ হতে আগামী চার বছরের জন্য তাকে কমিশনার পদে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, এই নিয়োগের শর্ত অনুযায়ী নতুন কমিশনার অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে বিদ্যমান সব কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে। এছাড়া, তার বেতন-ভাতা এবং অন্যান্য আনুষঙ্গিক সুযোগ-সুবিধা সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তি দ্বারা নির্ধারিত হবে।
রাষ্ট্রপতির আদেশক্রমে এবং জনস্বার্থে জারিকৃত এই নিয়োগ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে প্রজ্ঞাপনে।
হোসেন সাদাত বর্তমানে ‘ইনস্টিটিউট অফ চার্টার্ড সেক্রেটারিজ অফ বাংলাদেশ’ (আইসিএসবি)-এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।