কওমি ঘরানার সাতটি ইসলামি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৯টায় চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগর মাদরাসায় এ বৈঠক শুরু হয়।
বৈঠকে উপস্থিত আছেন হেফাজতের ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিবুল্লাহ বাবুনগরী, মহাসচিব মুফতি সাজিদুর রহমান, সিনিয়র নায়েবে আমির ও দারুল উলুম হাটহাজারীর মহাপরিচালক মুফতি খলিদ আহমদ কাসেমী, নায়েবে আমির মাওলানা জসিম উদ্দীন, নায়েবে আমির ও নানুপুর বড় মাদরাসার মহাপরিচালক মাওলানা সালাহউদ্দীন নানুপুরী। কওমি মাদরাসা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান মাওলানা মাহফুজুল হক।
সংশ্লিষ্টরা মনে করছেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ইসলামি দলগুলোর মধ্যকার বৃহত্তর ঐক্য ও ভবিষ্যৎ সমন্বিত কর্মপন্থা নির্ধারণে এই বৈঠকটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশেষ করে কওমি রাজনৈতিক দলগুলোর জন্য বিভিন্ন জোটের বিষয়ে করণীয় নির্ধারণ এই বৈঠকের মূল এজেন্ডা। স্বাভাবিকভাবেই গোটা কওমি অঙ্গনের নজর এখন এই বৈঠকের দিকে।
হেফাজতের পক্ষ থেকে পাঠানো আমন্ত্রণপত্রে বলা হয়েছে, ‘ইমান-আকিদা সংরক্ষণ এবং দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে ইসলামি শক্তির ঐক্যের কোনো বিকল্প নেই। এ লক্ষ্যেই কওমি ঘরানার ইসলামি রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের নিয়ে এই আলোচনা সভার আয়োজন করা হয়েছে।’
বৈঠকে অংশ নিতে প্রতিটি দলকে সভাপতিসহ তিনজন করে প্রতিনিধি পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। বৈঠকে অংশ নেওয়ার জন্য কওমি ঘরানার যে সাতটি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে, সেগুলো হলো— ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্যজোট ও নেজামে ইসলাম পার্টি।
হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মীর ইদ্রীস বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, ইসলামি দলগুলোর পারস্পরিক সমন্বয় এবং ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।
এ ছাড়া, রাজনৈতিক দলগুলো থেকে উপস্থিত রয়েছে এই সিক্রেট বৈঠকে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, নায়েবে আমির মাওলানা আলী উসমান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা উবায়দুল্লাহ ফারুক, নেজামে ইসলাম পার্টির আমির মাওলানা আব্দুল কাইয়ুম সোবহানী, মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার, খেলাফত আন্দোলন বাংলাদেশের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী ও নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন।