ইরান দাবি করেছে, তারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে জর্ডানে মোতায়েন থাকা বেশ কয়েকটি মার্কিন সামরিক বিমানে হামলা চালিয়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ তীব্র হওয়ার প্রেক্ষাপটে জর্ডানের সামরিক বাহিনী তিনটি ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার কথা জানানোর কয়েক ঘণ্টা পরেই এই ঘটনা ঘটল।
শুক্রবার এক বিবৃতিতে ইরানের বিপ্লবী রক্ষীবাহিনী (আইআরজিসি) বলেছে, তারা ‘বেশ কয়েকটি মার্কিন জ্বালানি সরবরাহকারী বিমান ও যুদ্ধবিমান’ ধ্বংস করেছে এবং ‘আরো অনেকগুলোর গুরুতর ক্ষতি’ করেছে।
আইআরজিসি জর্ডানের জনগণকে তাদের দেশে থাকা ‘আগ্রাসী ও ইসলামবিরোধী আমেরিকানদের স্বার্থে’ আঘাত হানার আহ্বানও জানিয়েছে।
রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ইরানশাহরে ইরানি সেনাদের হত্যার প্রতিশোধ হিসেবে আইআরজিসি সিরিয়ার আল-তানফে অবস্থিত একটি মার্কিন বিশেষ অভিযান কমান্ড সেন্টারেও হামলা চালিয়েছে।
এ ব্যাপারে সিরীয় সরকার বা মার্কিন সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য করা হয়নি।
ফেব্রুয়ারিতে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছিল, সিরিয়া, জর্ডান ও ইরাকের ত্রি-সীমান্ত সংযোগস্থলে অবস্থিত আল-তানফ ঘাঁটি থেকে তাদের সেনা প্রত্যাহার সম্পন্ন হয়েছে।