• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন

ভূমধ্যসাগরে নৌকাডুবি নিখোঁজ ৫০ অভিবাসনপ্রত্যাশী

ইউনাইটেড ডেস্ক / ৩২ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

ইউরোপে পৌঁছানোর মারাত্মক ঝুঁকিপূর্ণ চেষ্টায় ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫০ জন যাত্রী নিখোঁজ হয়েছেন এবং জরাজীর্ণ নৌকায় আটকে থেকে চারজনের মৃত্যু হয়েছে। অলৌকিকভাবে বেঁচে ফিরেছেন মাত্র ১০ জন।

মঙ্গলবার (১৪ জুলাই) রাতে পূর্ব লিবিয়ার উপকূলীয় শহর তোব্রুক থেকে ৬০ জন যাত্রী নিয়ে ইতালির উদ্দেশ্যে রওনা হয়েছিল একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা। কিন্তু কিছুদূর যাওয়ার পরই সেটি দুর্ঘটনার কবলে পড়ে।

কোস্ট গার্ড কর্মকর্তারা জানিয়েছেন, নৌকাটি ডুবে যাওয়ার পর বেশিরভাগ যাত্রী সাগরের তীব্র স্রোতে ভেসে যান। তবে মাত্র ১০ জন যাত্রী কোনোমতে সাঁতরে নিকটবর্তী বারদা দ্বীপে পৌঁছাতে সক্ষম হন। দ্বীপটি তবরুক শহর থেকে প্রায় ৭০ কিলোমিটার পশ্চিমে এবং মিসর সীমান্তের কাছাকাছি অবস্থিত। পরবর্তীতে সেখান থেকে তাদের জীবিত উদ্ধার করা হয়।

নিরাপত্তা সূত্রগুলোর একটির ভাষ্যমতে, জরাজীর্ণ ওই নৌকায় অত্যন্ত কঠিন ও অমানবিক পরিস্থিতির মধ্যে দীর্ঘদিন আটকে থাকার কারণে পথেই চার জনের মৃত্যু হয়েছিল। নিখোঁজ যাত্রীরা দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার দারিদ্র্যপীড়িত বিভিন্ন দেশের নাগরিক বলে জানা গেছে।

উন্নত জীবনের আশায় মানবপাচারকারীদের প্রলোভনে পড়ে বিপদসঙ্কুল ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টায় লিবিয়া উপকূল এখন অন্যতম প্রধান ও ঝুঁকিপূর্ণ ট্রানজিট পয়েন্ট হয়ে উঠেছে। এর আগে গত মাসেও লিবিয়া উপকূলে একটি নৌকা ডুবে ৫১ জন অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ হয়েছিলেন।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার থ্যমতে, চলতি ২০২৬ সালের মাত্র সাড়ে চার মাসেই এই বিপজ্জনক সমুদ্র রুটে ৮ শতাধিক অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ বা প্রাণ হারিয়েছেন।

প্রসঙ্গত, ২০১১ সালে দীর্ঘদিনের শাসক মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে লিবিয়ায় চরম রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা তৈরি হয়। এরপর থেকেই দেশটি সাব-সাহারা আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার হাজার হাজার অভিবাসীর জন্য ইউরোপে ঢোকার মূল রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। নিজ দেশের সংঘাত, যুদ্ধ এবং চরম দারিদ্র্য থেকে বাঁচতে প্রতি বছর হাজার হাজার মানুষ মরুভূমি ও ভূমধ্যসাগরের এই মরণফাঁদ পাড়ি দেওয়া চেষ্টা করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category