উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো বা দমকা হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় চারটি সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অফিস। বন্দর গুলো পটুয়াখালীর পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা বন্দর।
বুধবার (১৫ জুলাই) পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী এ তথ্য জানান।
আবহাওয়া অফিস জানায়, উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো বা দমকা হাওয়া বয়ে যেতে পারে। তাই পটুয়াখালীর পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্র বন্দরে মাছধরা ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। ইতোমধ্যে গভীর সাগর থেকে উপকূলে ফিরতে শুরু করেছে হাজারো মাছধরা ট্রলার।
এদিকে, কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। উপকূলের আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে।
পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী বলেন, আজ বুধবার বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কম থাকলেও বৃহস্পতিবার (১৬ জুলাই) থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। সেই সঙ্গে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।”