• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন

মক্কায় ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের ক্ষোভ-নিন্দা

ইউনাইটেড ডেস্ক / ১১ Time View
Update : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

পবিত্র মক্কা মুকাররমাকে লক্ষ্য করে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিদের ড্রোন হামলার অপচেষ্টার অভিযোগে তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটির আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান এক যৌথ বিবৃতিতে এ নিন্দা জানান।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে হেফাজতের নেতারা বলেন, পবিত্র মক্কা ও মদিনা শরীফ বিশ্বের শতকোটি মুসলমানের ঈমানি কেন্দ্রবিন্দু, হৃদয়ের স্পন্দন ও আস্থার সর্বোচ্চ প্রতীক। মক্কা মুকাররমা ও বায়তুল্লাহর পবিত্রতা ও নিরাপত্তা রক্ষা করা সমগ্র মুসলিম উম্মাহর কাছে জীবনের চেয়েও মূল্যবান দায়িত্ব।

বিবৃতিতে বলা হয়, পবিত্র হারামাইন শরিফাইনের সীমানাকে সামরিক সংঘাতের লক্ষ্যবস্তু বানানোর যেকোনো দুঃসাহস ইসলাম ও মুসলিম উম্মাহর বিরুদ্ধে চরম উসকানিমূলক পদক্ষেপ। এটি সহ্যসীমার চূড়ান্ত লঙ্ঘন।

হেফাজতের আমির ও মহাসচিব বলেন, রাজনৈতিক স্বার্থসিদ্ধি কিংবা সামরিক আধিপত্য বিস্তারের লড়াইয়ে কাবা শরিফ ও পবিত্র মক্কা নগরীকে টেনে আনা একটি জঘন্য অপরাধ। এ ধরনের ঘটনা বিশ্বের প্রতিটি মুসলমানের ধর্মীয় অনুভূতিতে তীব্র আঘাত হেনেছে। এ ধরনের ধৃষ্টতাপূর্ণ অপচেষ্টা কোনোভাবেই বরদাশত করা যায় না।

পবিত্র ভূমির মর্যাদা রক্ষা এবং মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে মুসলিম বিশ্বকে অবিলম্বে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।

বিবৃতিতে ওআইসি ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, ইয়েমেনসহ সমগ্র মধ্যপ্রাচ্যে রক্তক্ষয়ী সংঘাতের স্থায়ী অবসানে কার্যকর কূটনৈতিক পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি পবিত্র ভূমির নিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা সময়ের দাবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category