ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক সংঘাত আবারও শুরু হয়েছে বলে কংগ্রেসকে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার প্রশাসনের মতে, এই ঘোষণার মাধ্যমে নতুন করে ৬০ দিনের একটি সময়সীমা শুরু হলো, যার মধ্যে কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যেতে পারবেন প্রেসিডেন্ট।
ওই চিঠিতে ট্রাম্প জানান, ৭ জুলাই থেকে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পুনরায় শুরু হয়েছে। তিনি লিখেন,মার্কিন নাগরিকদের নিরাপত্তা ও যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা এবং পররাষ্ট্রনীতির স্বার্থ রক্ষায় সাংবিধানিক দায়িত্বের অংশ হিসেবেই আমি এই সামরিক পদক্ষেপের নির্দেশ দিয়েছি।
চিঠিতে ট্রাম্প উল্লেখ করেন, ১৭ জুন ইরানের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং) তেহরান লঙ্ঘন করেছে। অভিযোগ, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে ইরান ওই সমঝোতা ভঙ্গ করেছে। এর পরিপ্রেক্ষিতেই তিনি ইসলামি প্রজাতন্ত্রটির বিরুদ্ধে আবারও সামরিক হামলার নির্দেশ দেন।
চিঠিতে ট্রাম্প প্রশাসনের বিভিন্ন পদক্ষেপও তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে , ৭ এপ্রিল দুই সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা। পরে সেটির মেয়াদ বাড়ানো এবং সংঘাতের কূটনৈতিক সমাধান খুঁজে বের করার বিভিন্ন প্রচেষ্টা।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র ২৮ ফেব্রুয়ারি, ইসরায়েলের সঙ্গে সমন্বয় করে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। তবে সাম্প্রতিক সময়ে সংঘাত নতুন করে তীব্র আকার ধারণ করেছে। সোমবার ট্রাম্প আরও ঘোষণা দেন, ইরানি জাহাজ চলাচলের ওপর উপসাগরীয় অবরোধ পুনর্বহাল করা হবে এবং হরমুজ প্রণালিতে নৌ চলাচল অব্যাহত রাখতে যুক্তরাষ্ট্র ব্যবস্থা নেবে।