রাজধানীর বংশালের সাতরাওজা শিয়া গলির একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মোহাম্মদ দেলোয়ার হোসেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় নাজমুল হোসেন (৩০) নামে অপর একজন দগ্ধ হন। তাকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) ভোর ৫টার দিকে বিস্ফোরণের ঘটনাটি ঘটে।
নিহত দেলোয়ারের বাড়ি যশোরের উত্তর শার্শা থানার গিবা উত্তর গ্রামে। বর্তমানে তিনি বংশালের সাতরাওজা মুকিম বাজার এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
স্থানীয় সূত্র জানায়, আজ শুক্রবার ভোর ৫টার দিকে সাতরাওজা শিয়া গলির একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দগ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক ভোর সাড়ে ৬টার দিকে দেলোয়ার হোসেনকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় দোকান কর্মচারী মোহাম্মদ তুষার ইসলাম রিফাত বলেন, “আমরা শিয়া গলির একটি চারতলা ভবনের নিচতলায় ভাড়া বাসায় বসবাস করি। পাশেই আমাদের মোটরবাইক গ্যারেজ। নিচ তলায় একটি গোডাউন রয়েছে। ভোরের দিকে ওই গোডাউনে বিকট শব্দে একটি বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে একটি ভারী বস্তু দেলোয়ারের মাথায় আঘাত করে। পরে আমরা চার তলার দিকে যাওয়া সময় আরেকটি বিস্ফোরণ ঘটে এতে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিস সদস্যরা আহতদের উদ্ধার করে বার্ন ইউনিটে নিয়ে আসলে চিকিৎসক দেলোয়ারকে মৃত বলে জানান।”
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মাদ ফারুক বলেন, “বংশালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দেলোয়ার হোসেন নামে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নাজমুল হোসেনকে বার্ন ইউনিটে ভর্তি রাখা হয়েছেভ। বিষয়টি বংশাল থানাকে অবগত করা হয়েছে।”