নির্বাচন প্রশিক্ষণ ইন্সটিটিউটে পরিচালিত জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জরুরি সেবা কার্যক্রম বন্ধ করেছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে অনলাইনে আবেদনযোগ্য আবেদনসমূহ হার্ডকপিতে গ্রহণ করা হবে না।
সোমবার (৬ জুলাই) ইসির এনআইডি অনুবিভাগের পরিচালক (অপারেশন) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়, নির্বাচন প্রশিক্ষণ ইন্সটিটিউটে ক-১, ক, খ-১ ও খ ক্যাটাগরির সংশোধন আবেদন জরুরি প্রদান করে আসছিল এতদিন। যেখানে নাগরিকরা নিজেদের আবেদন নিয়ে দ্রুত নিষ্পত্তির জন্য আসতেন।
সাইফুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠিতে উল্লেখ করা হয়েছে, মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তিযোগ্য জাতীয় পরিচয়পত্র সংশোধনের ‘ঘ’ ক্যাটাগরির আবেদন ব্যতীত নির্বাচনি প্রশিক্ষণ ইসস্টিটিউট ভবনে ‘ক-১’, ‘ক’, ‘খ-১’, ‘খ’, ‘গ-১’, ‘গ’ ক্যাটাগরির এনআইডি সংশোধন সেবা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।
এতে আরো বলা হয়েছে, অনলাইনে আবেদনযোগ্য আবেদনসমূহ হার্ডকপিতে গ্রহণ করা হবে না।
চিঠিতে বলা হয়েছে, ক-১ ক্যাটাগরি নিষ্পত্তি করবেন সহকারী থানা/উপজেলা নির্বাচন কর্মকর্তা। ক- ক্যাটাগরি নিষ্পত্তি করবেন থানা/উপজেলা নির্বাচন কর্মকর্তা, খ-১ ক্যাটাগরি নিষ্পত্তি করবেন অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা, খ ক্যাটাগরি নিষ্পত্তি করবেন জেলা নির্বাচন কর্মকর্তা, গ-১ ক্যাটাগরি নিষ্পত্তি করবেন অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, গ ক্যাটাগরি নিষ্পত্তি করবেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা।