চট্টগ্রামের কর্ণফুলী নদীতে গভীর রাতে তেলবাহী ট্যাংকারে অবৈধভাবে ডিজেল কেনাবেচার অভিযোগে ছয়জনকে আটক করেছে নৌ পুলিশ। এ সময় একটি অয়েল ট্যাংকারসহ ১২ হাজার ৭০০ লিটার চোরাই ডিজেল উদ্ধার করা হয়। যার বাজারমূল্য আনুমানিক ১ কোটি ১৪ লাখ ৭৫ হাজার ৫০০ টাকা।বৃহস্পতিবার (৩ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
নৌ পুলিশ জানায়, রাত আড়াইটার দিকে চট্টগ্রাম বন্দরের ৬ নম্বর ভেসেল পয়েন্ট জেটি সংলগ্ন কর্ণফুলী নদীতে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে ‘ওটি ইশরাত’ নামের একটি অয়েল ট্যাংকারে তল্লাশি চালিয়ে ১২ হাজার ৭০০ লিটার ডিজেল উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ডিজেলের কোনো বৈধ নথিপত্র দেখাতে না পারায় ট্যাংকারে থাকা সুপারভাইজার, মাস্টার ও অন্যান্য কর্মীদের আটক করা হয়। পরে ট্যাংকার, ডিজেল এবং তেল স্থানান্তরের কাজে ব্যবহৃত একটি পাম্প মোটরসংযুক্ত পাইপ জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- আরিফুল ইসলাম (৩০), সাইদুল ইসলাম ওরফে ইশাদ (২২), মো. আব্দুল হালিম (৩৫), মো. নুরুল মোস্তফা (২৬), জালাল আহমদ (৬০) এবং মো. নুরুল আমিন (৫০)।
নৌ পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেন, তারা একটি প্রতিষ্ঠানের ম্যানেজারের নির্দেশে অজ্ঞাত কয়েকজন ব্যক্তির কাছ থেকে কর্ণফুলী নদী ও আশপাশের বিভিন্ন পয়েন্ট থেকে অবৈধভাবে ডিজেল সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে বাংলাবাজার ঘাটের দিকে যাচ্ছিলেন। গ্রেপ্তার আরিফুল ইসলাম চট্টগ্রামের জোরারগঞ্জ থানার একটি হত্যা মামলার আসামি। এছাড়া আব্দুল হালিমের বিরুদ্ধে ফেনীর ছাগলনাইয়া থানায় দুটি ডাকাতি ও তিনটি মাদক চোরাচালানের মামলা রয়েছে।
এ বিষয়ে সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে অজ্ঞাতনামা কয়েকজনের সহায়তায় আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কর্ণফুলী নদী ও আশপাশের এলাকায় চোরাই ডিজেল কেনাবেচার সঙ্গে জড়িত। এ ঘটনায় সদরঘাট নৌ থানার এসআই মো. মোজাম্মেল হোসেন বাদী হয়ে চট্টগ্রাম নগরের বন্দর থানায় আটক ছয়জনসহ অজ্ঞাতনামা আরও এক থেকে দুইজনকে আসামি করে মামলা দায়ের করেছেন।